বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত বাংলাদেশকে শুধু অপমানিত নয়, বিপদাপন্নও করেছে। এর ফলে উন্নয়ন ক্ষতিগ্রস্ত হবে। অন্যান্য উন্নয়ন-সহযোগীরাও বাংলাদেশকে সহযোগিতা করতে ইতস্তত করবে। এ দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় নজরুল ইসলাম খান এ কথা বলেন।পদ্ম সেতু নির্মাণে বিশ্বব্যাংকের সঙ্গে ঋণচুক্তি বাতিল হওয়ার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিশ্বব্যাংক সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগের ভিত্তিতে চুক্তি বাতিল করেছে। আর এই সিদ্ধান্তের পরিণতি হবে মারাত্মক।জিয়া কালচারাল ফাউন্ডেশন আয়োজিত ‘কৃষি, কৃষক ও বাংলাদেশ: আজকের প্রেক্ষাপট’ শীর্ষক এই আলোচনা সভায় আরও বক্তব্য দেন কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান, আয়োজক সংগঠনের সভাপতি শাহ নুরুল কবির প্রমুখ।গতকাল জাতীয় প্রেসক্লাবে অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, দুর্নীতির অভিযোগে পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল করে বিশ্বব্যাংক সরকারকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নিজেদের দুর্নীতির কারণে সরকার পুরো জাতিকে কলঙ্কিত করেছে। চুক্তি বাতিলের এই ঘটনাকে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন বলে দাবি করেন তিনি। মওদুদ আহমদ বলেন, পদ্মা সেতুর অর্থায়ন চুক্তি বাতিল হওয়ার পর সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছে। সরকারের উচিত পদত্যাগ করা।‘আওয়ামী দুঃশাসন ও মিথ্যাচারের কবলে বাংলাদেশের জনগণ’ শীর্ষক এই আলোচনা সভার আয়োজন করে ‘দেশনেত্রী সাংস্কৃতিক পরিষদ’ নামের একটি সংগঠন।