বিশ্বব্যাংকের ৩ হাজার কোটি টাকা ঋণ পরিশোধ
সরকার গত অর্থবছরে বিশ্বব্যাংকের ঋণের ২ হাজার ৯৩১ কোটি টাকা এবং আইএমএফের ৭৫০ কোটি টাকা পরিশোধ করেছে। আজ রোববার সংসদের টেবিলে উত্থাপিত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ তথ্য জানান।
বিএনপির সাংসদ জাফরুল ইসলাম চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আরও জানান, বাংলাদেশ ব্যাংক ২০১২-১৩ অর্থবছরে আইএমএফ হতে ব্যালেন্স অব পেমেন্টে সাপোর্ট হিসেবে ৩ হাজার ৩১৮ কোটি টাকা ছাড় পেয়েছে। বিশ্বব্যাংক হতে ছাড় পেয়েছে ৬ হাজার ২৮ কোটি টাকা। এর মধ্যে ঋণ ৫ হাজার ২৯৩ কোটি টাকা এবং অনুদান ৭৩৫ কোটি টাকা। এ টাকা স্বাস্থ্য, যোগাযোগ, বিদ্যুত্ ও কৃষি খাতে ব্যয় হয়েছে।
বিএনপির রেহানা আক্তারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, সরকার ২০০৯ থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ ৩২ হাজার ৬৩০ কোটি টাকা ঋণ গ্রহণ করেছে। এর মধ্যে পরিশোধ করেছে ১ লাখ ৪৪ হাজার ৭৯৮ কোটি টাকা।
মুহিবুর রহমানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে আরাফাত রহমান কোকোর সিঙ্গাপুরে পাচার করা ২১ কোটি ৫৫ হাজার ৩৯৪ টাকা ফেরত আনা হয়েছে। বিএনপির এ বি এম আশরাফ উদ্দিন নিজানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, জালিয়াতির মাধ্যমে হল-মার্ক তিন হাজার ৫৪৭ কোটি এবং বিসমিল্লাহ গ্রুপ ১ হাজার ২৫০ কোটি টাকা আত্মসাত্ করেছে। এরমধ্যে হল-মার্কসহ অন্যান্য প্রতিষ্ঠানের কাছ থেকে ৪৯২ কোটি আদায়/সমন্বয় করা হয়েছে। বাকি টাকা আদায়ের জন্য হল-মার্কের মালিকানাধীন সম্পত্তি জামানত সংযুক্ত করা হয়েছে।
আশরাফ উদ্দিন নিজানের লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১২-১৩ অর্থবছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ ১ হাজার ৪৬৯ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের বিনিয়োগের তুলনায় ২৭৪ মিলিয়ন মার্কিন ডলার বেশি।
হাবিবুর রহমান মোল্লার প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন বলেন, ঢাকা ও ঢাকার বাইরে টেলিটকের বিটিএসের ক্ষমতা বাড়িয়ে গ্রাহক ধারণ ক্ষমতা ২০ শতাংশ বাড়ানো হয়েছে। সম্প্রসারণের আওতায় আরও ৭০০ বিটিএস স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রকল্পটি শেষ হলে ৪৪৮টি উপজেলা টেলিটকের নেটওয়ার্কের আওতায় আসবে। প্রশ্নোত্তরের আগে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল সাড়ে চারটার দিকে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।