আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ইনার হুইলের প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বন্ধুত্ব। এই বন্ধুত্বকে সুসংহত ও ব্যাপৃত করেন ইনার হুইলের ‘ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজার’ হিসেবে পরিচিত সদস্যরা।ইনার হুইল জেলা ৩২৮-এর (বাংলাদেশ) সদস্যরাও বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব জাগ্রত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন। ইনার হুইলের জেলা ইন্টারন্যাশনাল সার্ভিস অর্গানাইজারদের মিলনমেলায় সদস্যরা ওই প্রত্যয় ব্যক্ত করেন।রাজধানীর একটি অভিজাত হোটেলে গতকাল শুক্রবার আয়োজিত ওই মিলনমেলায় ইনার হুইলের ২৮টি ক্লাবের সদস্যরা মিলিত হন। ‘রিচ আউট ইন আন্ডারস্ট্যান্ডিং’ বিষয়টিকে এবারের মিলনমেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-হাসান ইনার হুইলের সদস্যদের হাতে স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে গান, নাচের পাশাপাশি বিভিন্ন ক্লাবের নতুন ও পুরোনো সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।বাংলাদেশে পড়তে আসা কাশ্মীর, নেপাল, মালয়েশিয়া, ফিলিস্তিন ও পাকিস্তানের পাঁচ শিক্ষার্থী অনুষ্ঠানে নিজেদের দেশ সম্পর্কে এবং বাংলাদেশের আতিথেয়তার কথা উল্লেখ করেন।পাকিস্তানের আহমেদ নাইম স্পষ্ট বাংলায় বলেন, তিনি বাংলাদেশের জন্য কিছু করতে চান।