বিশ্বব্যাপী মানব পাচারের ২০ শতাংশই শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বব্যাপী মানব পাচারের ১৫ থেকে ২০ শতাংশই শিশু। বাংলাদেশ পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৪ সালের জুন মাস থেকে ২০১০ সাল পর্যন্ত ৫৫৯ জন শিশু পাচারের শিকার হয়। তবে ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত মোট কতজন বাংলাদেশি শিশু পাচারের শিকার হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই।

আজ রোববার ‘বাংলাদেশে শিশু পাচারের অবস্থা এবং সামনের দিকে অগ্রসরের জন্য করণীয়’ শীর্ষক জাতীয় সেমিনারে এসব তথ্য জানানো হয়। ইংরেজি দৈনিক দি ডেইলি স্টার কার্যালয়ে বাংলাদেশ শিশু অধিকার ফোরাম (বিএসএএফ), টেরে ডেস হোমস-নেদারল্যান্ডস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইশরাত শামীম। তিনি বলেন, দেশের ১৩টি যৌনপল্লিতে কর্মরত ৪২ শতাংশ যৌনকর্মী ১৩ থেকে ১৭ বছর বয়সে এসব পল্লিতে প্রবেশ করে। এদের যৌনকর্মে বাধ্য করা হয়। যৌনকর্ম ছাড়াও পাচার হওয়া অনেক শিশুর অঙ্গহানি ঘটিয়ে ভিক্ষাবৃত্তিতে নামানো হয়। কারও শরীরের নানা অঙ্গ কেটে বিক্রি করা হয়। কাউকে আবার বাধ্যতামূলক শ্রম বা পর্নোগ্রাফিতে বাধ্য করা হচ্ছে।

সেমিনারের প্রধান অতিথি সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী পাচারের বিভিন্ন তথ্য জানার পর বলেন, ’৭৫-পরবর্তী প্রজন্মের মধ্যে মানবতা লোপ পেয়েছে। তারা সামান্য কারণে নৃশংস আচরণ করছে। মা-বাবার অবহেলার কারণেও অনেক শিশু নিজের জন্মকে বৃথা মনে করে। এ কারণে তারা পাচারসহ বিভিন্ন ঘটনার শিকার হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক) কামাল উদ্দিন আহমেদ ২০০৯ সাল থেকে মন্ত্রণালয়ের মানব পাচার-বিষয়ক কার্যক্রম দেখভাল করছেন। তিনি মানব পাচার বন্ধে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন, মানব পাচারের মামলার সংখ্যা বেড়েছে। তবে তাই বলে দেশে পাচারের ঘটনা বেড়েছে, তা বলা যাবে না। তিনি বলেন, বর্তমানে আইন প্রয়োগ হওয়ায় অপরাধীরা শনাক্ত হচ্ছে।

কামাল উদ্দিন আহমেদ জানান, মানব পাচার বন্ধে খুব শিগগির ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় একটি চুক্তি সই হবে। চুক্তির আগেই ভারতে পাচারের শিকার বাংলাদেশিদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

বাংলাদেশ শিশু অধিকার ফোরামের চেয়ারপারসন এমরানুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও আলোচনা করেন টেরে ডেস হোমস-নেদারল্যান্ডসের এ দেশীয় পরিচালক মাহমুদুল কবীর, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অ্যাডভোকেসি পরিচালক চন্দন জেড গোমেজ, মানবাধিকারকর্মী মোহাম্মদ শাহজাহান প্রমুখ।