গণতন্ত্রপন্থী আন্তর্জাতিক নজরদারি সংগঠন ফ্রিডম হাউস বলেছে, ২০১৫ সালে বিশ্বে সংবাদপত্রের স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। গতকাল বুধবার প্রকাশিত সংগঠনটির বার্ষিক জরিপে বলা হয়েছে, বিশ্বব্যাপী সংবাদপত্রের স্বাধীনতা গত ১২ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।
সংবাদপত্রের স্বাধীনতা কমে আসার ঘটনাগুলোর মধ্যে মধ্যপ্রাচ্যে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা, মেক্সিকোতে ভীতি প্রদর্শন এবং হংকংয়ে বাকস্বাধীনতার ওপর বিধিনিষেধের উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, তুরস্ক, বাংলাদেশ, গাম্বিয়া, সার্বিয়া, বুরুন্ডি ও ইয়েমেনে সংবাদপত্রের স্বাধীনতা উল্লেখযোগ্য মাত্রায় কমেছে।
১৯৯টি দেশ ও অঞ্চলের মধ্যে পরিচালিত জরিপে দেখা যায়, স্বাধীন সংবাদপত্র আছে—এমন অঞ্চলে বসবাস করে বিশ্বের জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ। ফ্রিডম হাউস বলেছে, সমস্যার একটি বড় কারণ হলো দলীয় মনোভাবের বৃদ্ধি, মেরুকরণ এবং সাংবাদিকদের ভীতি প্রদর্শন ও হামলা।
জরিপে বলা হয়, বিশ্বের সবচেয়ে নিয়ন্ত্রিত গণমাধ্যমের দেশগুলোর একটি হলো চীন। গত বছর দেশটিতে সংবাদপত্রের স্বাধীনতা আরও সংকুচিত হয়েছে। ফ্রান্সে সন্ত্রাসী হামলার কারণে সাংবাদিকদের নিরাপত্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। তা ছাড়া সেখানে নিরাপত্তাগত উদ্বেগের কারণে স্ব-আরোপিত সেন্সরশিপ চলছে। সরকারি কর্তৃপক্ষের ব্যাপক নজরদারিও সেখানে একটি সমস্যা।