বিশ্বভারতীতে বাংলাদেশ ভবন নির্মাণে ২৫ কোটি রুপির চেক হস্তান্তর
রবীন্দ্র স্মৃতি বিজড়িত শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাংলাদেশ ভবন নির্মাণের জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ২৫ কোটি রুপির চেক হস্তান্তর করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন বিশ্বভারতীর উপাচার্য সুশান্ত দত্ত গুপ্তর হাতে এই চেক হস্তান্তর করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব জিকরুর রেজা খানম ও বাংলাদেশের বিশিষ্ট স্থপতি আশরাফ আলি উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সুশান্ত দত্ত গুপ্তর হাতে ওই ভবনের নকশা হস্তান্তর করা হয়। বিশ্বভারতী কর্তৃপক্ষ এরই মধ্যে ওই ভবন নির্মাণের জন্য জায়গাও বরাদ্দ দিয়েছে।
গত বছরের ফেব্রুয়ারি মাসে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ প্রতিনিধিদলের এক বৈঠকে বাংলাদেশ ভবন নির্মাণের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তখন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী।
২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের বাংলাদেশ সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর শান্তিনিকেতনে বাংলাদেশ ভবন নির্মাণের প্রস্তাব গৃহীত হয়।
জানা গেছে, বাংলাদেশ ভবনে থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নানা ইতিহাস, গ্রন্থাগার, মিলনায়তন, বাংলাদেশ সম্পর্কে গবেষণার তথ্য, চিত্রশালাসহ বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের নানা স্মারক। থাকবে রবীন্দ্রনাথের বাংলাদেশে অবস্থানের নানা তথ্য, ইতিহাস, স্মারক ও চিত্র।