বিশ্বভ্রমণকারীর পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
নয় মাস যুদ্ধ করে স্বাধীন হয়েছিল বাংলাদেশ। আর সার্বভৌম এই দেশে ১২ মাস পেরিয়ে গেলেও চট্টগ্রাম বন্দরের কনটেইনার থেকে বেরোয়নি এ দেশেরই এক বিশ্বভ্রমণকারীর গাড়ি।বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ট্যুরিস্ট সোসাইটি এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা সংবাদ সম্মেলন আয়োজন করেন। এসময় হয়রানির শিকার মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার বক্তব্য রাখেন। সম্মেলনে শিক্ষার্থীরা এক বছর বিশ্বভ্রমণ স্থগিত রাখার দায়ভার কর্তৃপক্ষকে বহন করা, মুক্তিযোদ্ধাকে হয়রানি করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের ক্ষমা চাওয়া এবং এক বছরে বন্দরে যে শুল্ক ও ভাড়া ধরা হয়েছে, তা প্রত্যাহার করার দাবি জানান। আজ বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে এই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধন করবেন।