বিশ্বমন্দা মোকাবিলায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কমিটি গঠিত
মন্দা মোকাবিলায় হাজার কোটি টাকার দ্বিতীয় প্যাকেজ বাস্তবায়নে টাস্কফোর্স গঠন করেছে সরকার। ১৫ দিনের মধ্যে কমিটি প্রতিবেদন জমা দেবে। কমিটির সুপারিশ অনুযায়ী দ্বিতীয় প্যাকেজ বাস্তবায়নের কাজ শুরু করবে অর্থ মন্ত্রণালয়।গতকাল বুধবার সচিবালয়ে বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং নিট পোশাক রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এ কথা জানান। অর্থমন্ত্রী বলেন, তৈরি পোশাকশিল্পকে পিক রেট বিদ্যুৎ চার্জ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে বিদ্যুতের অতিরিক্ত মূল্য ও গ্যাসের সর্বনিম্ন চার্জ থেকে অব্যাহতি চেয়েছেন পোশাকশিল্পের মালিকেরা। বিষয়টি সরকার পুনর্বিবেচনা করে দেখবে।মন্দা মোকাবিলায় সরকার গত নভেম্বরে দ্বিতীয় প্যাকেজ ঘোষণা করে। ওই প্যাকেজে বস্ত্র খাতের জন্য কিছু সুবিধার ঘোষণা দেওয়া হয়। তৈরি পোশাকে ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের শিল্পে (এসএমই) যাঁদের মূলধন ৩৫ লাখ টাকার মধ্যে তাঁদের এ প্যাকেজের সুবিধা ভোগ করার কথা।অর্থমন্ত্রী বলেন, গতবারের তুলনায় যেসব এসএমইর উন্নয়ন হয়েছে, প্যাকেজ থেকে এবার তাঁদের বাদ দেওয়ার চিন্তা রয়েছে। কিন্তু বিজিএমইএ ও বিকেএমইএ বৈঠকে এ বিষয়ে আপত্তি তুলেছে। অর্থমন্ত্রী জানান, ক্যাপটিভ জেনারেটর নবায়নের ফি গত নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত প্রণোদনা প্যাকেজ থেকে বরাদ্দ পাওয়ার কথা। কিন্তু এটা অনেকে পাচ্ছেন না বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়টি বিবেচনা করা হবে।অর্থমন্ত্রী বলেন, বাড়িভাড়ার ওপর ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা আছে। এ কারণে তৈরি পোশাকশিল্পের ভাড়ায় চালিত অনেক কারখানা এর আওতায়। এগুলোকে ভ্যাটের আওতামুক্ত রাখার বিষয়টি বিবেচনা করা হবে। এসব বিষয় দেখার জন্যই গঠন করা হয়েছে টাস্কফোর্স। ওই কমিটির প্রতিবেদন পেয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।বৈঠক শেষে বিজিএমইএর সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের জানান, বস্ত্র খাতে ১৫০০ এসএমই রয়েছে। এ পর্যন্ত প্রণোদনা প্যাকেজ থেকে ৭০০ কোটি টাকা পাওয়ার কথা। কিন্তু ওই টাকা এখনো পর্যন্ত ছাড় করা হয়নি। বিকেএমইএর সভাপতি ফজলুল হক জানান, আমলাতান্ত্রিক জটিলতায় দ্বিতীয় প্যাকেজের বাস্তবায়ন হয়নি। টাস্কফোর্স গঠনের কারণে এপ্রিলের শেষ দিকে এ সুবিধা পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।