বিশ্বমানের নগর হওয়ার সব বৈশিষ্ট্য চট্টগ্রামের আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বমানের নগর হিসেবে গড়ে তোলার সব উপাদান ও বৈশিষ্ট্যই চট্টগ্রামের আছে। অভাব শুধু সদিচ্ছার। সরকার ঢাকার ওপর থেকে একমুখী নজর সরিয়ে অঞ্চলভিত্তিক পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিলে চট্টগ্রামের চেহারা পাল্টে যাবে। গতকাল শনিবার চট্টগ্রামে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন। গণমাধ্যমের সক্ষমতা উন্নয়নে অর্থনৈতিক, সমাজ ও গণমাধ্যমবিষয়ক এই ভিশন কর্মশালার আয়োজন করে পিপিআরসি চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ। চট্টগ্রাম প্রেসক্লাব অনুষ্ঠানে সহায়তা দিয়েছে।বক্তারা বলেন, স্থানীয় বিত্তবান লোকজন বিনিয়োগ করে চট্টগ্রামকে আন্তর্জাতিকমানের নগরে রূপ দিতে পারেন। এসব কাজের মূল সমন্বয়ক হতে পারে গণমাধ্যম।কর্মশালার সঞ্চালক ছিলেন পিপিআরসির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। বিশেষজ্ঞ বক্তা (রিসোর্স পারসন) ছিলেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, সাংবাদিক আতাউস সামাদ, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাশেম খান ও যুক্তরাষ্ট্রপ্রবাসী নগর-বিশেষজ্ঞ আদনান মোর্শেদ। চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাশেদ রউফ অনুষ্ঠানে বক্তৃতা করেন। আকবর আলি খান বলেন, চট্টগ্রামকে উন্নত করতে হলে বিশ্বমানের কলেজ, হাসপাতাল, হোটেল থাকতে হবে। শুধু সরকারের উদ্যোগে এসব হবে না। বেসরকারি উদ্যোক্তাদেরও এসব বিষয়ে এগিয়ে আসতে হবে। হোসেন জিল্লুর রহমান চট্টগ্রামকে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, একটি মেধাভিত্তিক নগর হিসেবে গ্লোবাল সিটিতে পরিণত করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। তিনি বলেন, সম্ভাবনাময় এই বন্দরনগরকে বিশ্ব অর্থনীতির সঙ্গে যুক্ত করতে হবে। তিনি চট্টগ্রামের উন্নয়নে আটটি প্রস্তাবনা তুলে ধরেন। এ ছাড়া আগামী জানুয়ারি থেকে চট্টগ্রামকে বিশ্বমানের নগরে পরিণত করার লক্ষ্যে পিপিআরসির একটি গুচ্ছ-পরিকল্পনার বাস্তবায়ন শুরুর কথাও জানান তিনি। সালেহউদ্দিন আহমেদ বলেন, চট্টগ্রামের আয় সারা দেশে যায়। এখানকার বিপুল সম্ভাবনার সঙ্গে তরুণ প্রজন্মকে অন্তর্ভুক্ত করতে পারলে বিরাট সাফল্য আসবে।সালাহ উদ্দিন কাশেম খান বলেন, চট্টগ্রামের উন্নয়ন শুধু চট্টগ্রামের জন্যই নয়, গোটা দেশের জন্য। চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত সুদূরপ্রসারী পরিকল্পনা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। নগর-বিশেষজ্ঞ আদনান মোর্শেদ চট্টগ্রামের উন্নয়ন নিয়ে একটি গবেষণাভিত্তিক তথ্যচিত্র উপস্থাপন করেন। তিনি চট্টগ্রাম নিয়ে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের গবেষণামূলক কিছু প্রস্তাবনা ও চিত্র তুলে ধরেন। আতাউস সামাদ বলেন, পত্রিকাগুলোতে চট্টগ্রামের সম্ভাবনার কথা তুলে ধরতে হবে। কর্মশালায় চট্টগ্রামে কর্মরত ৩০ জনেরও বেশি জ্যেষ্ঠ সাংবাদিক অংশ নেন।