বিশ্বমানের নিরাপত্তা চায় বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বিশ্বমানের নিরাপত্তা চায়। এ লক্ষ্যে তারা সাইবার হামলা থেকে আন্তসীমান্ত ব্যাংকিংয়ের সুরক্ষার জন্য আরও কঠোর নিয়মকানুন চালুর জন্য একটি টাস্কফোর্সও গঠন করেছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র রয়টার্সকে এ খবর দিয়েছে।
বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি কমিটি চলতি গ্রীষ্মেই এ টাস্কফোর্স গঠন করে। এতে সুইজারল্যান্ডের ব্যাসেলভিত্তিক ব্যাংক ফর ইন্টারন্যাশনাল সেটেলমেন্টসও (বিআইএস) অংশ নিয়েছে। এই টাস্কফোর্স নিজ সদস্যদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু করেছে। জালিয়াতি রুখতে তাঁরা কী কী ব্যবস্থা নেন, সেগুলোই বেশি গুরুত্ব পাচ্ছে। কাজের সুবিধার্থে এ প্রক্রিয়ায় যুক্ত ব্যক্তিদের নাম অপ্রকাশিত রাখা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকগুলোর কর্মকর্তারা আশা করছেন, এই টাস্কফোর্স সাইবার নিরাপত্তা বিষয়ে একটি মানসম্মত আন্তব্যাংক লেনদেনের ব্যবস্থা নির্ধারণ করতে পারবে এবং সবাই সেটি গ্রহণও করবে। নতুন নীতিমালা বা নির্দেশনা অনুযায়ী লেনদেন করা অর্থের দায়দায়িত্ব ব্যাংকগুলোর থাকবে। পাশাপাশি সুইফটের মতো অর্থ বিনিময়ের নির্দেশনা আদান-প্রদানের ব্যবস্থাও অধিকতর সুরক্ষিত হবে।
সূত্রগুলো আরও বলেছে, কোনো কেন্দ্রীয় ব্যাংক যদি হ্যাকারদের কাছ থেকে নিজেদের ব্যবস্থা সুরক্ষিত রাখতে ব্যর্থ হয়, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তির করণীয় কী হবে, অভ্যন্তরীণ নিয়ন্ত্রকেরা কী করবেন, ব্যবস্থায় আরেকটি ফাটল ধরলে কীভাবে মোকাবিলা করতে হবে—ইত্যাদি বিষয়েও বিভিন্ন সুপারিশ করবে টাস্কফোর্স। এ প্রক্রিয়া এখনো শুরুর পর্যায়ে এবং খুব দ্রুত নয়।
বিআইএস এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কের অ্যাকাউন্টে রাখা বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে প্রায় ১০০ কোটি ডলার চুরির চেষ্টা করেছিল হ্যাকাররা। এ ঘটনায় সাইবার হামলার অন্যান্য ঘটনাও নজরে এসেছে।