বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিজ্ঞানভিত্তিক বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলাই আমাদের লক্ষ্য। একই সঙ্গে আমাদের নতুন প্রজন্মকে উন্নত নৈতিক চরিত্র ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে চাই। সে লক্ষ্যে মানসম্পন্ন উচ্চ শিক্ষার উন্নয়নে আমরা চেষ্টা করছি।
আজ বুধবার গাজীপুরের বোর্ডবাজারে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) পরিচালিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ২৯তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, বর্তমানে দেশে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, ৮৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং আইইউটিসহ দুটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে আইইউটি সর্বোচ্চ র‍্যাংকের একটি বিশ্ববিদ্যালয়। ওআইসির সদস্য দেশগুলোর শিক্ষার্থীদের মানবসম্পদে পরিণত করতে এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, অদূর ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয়কে একটি গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে। বাংলাদেশ সরকারের রূপকল্প ২০২১ অনুযায়ী, ‘আমাদের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে তাদের উচ্চশিক্ষা নিশ্চিতে গুরুত্বারোপ করেছেন। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার এ বিশ্ববিদ্যালয়ে একটি দশ তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ এবং দশ তলা বিশিষ্ট আরও একটি ভবন নির্মাণে একশ ৬০ মিলিয়ন টাকা অনুমোদন দিয়েছেন।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম ইমতিয়াজ হোসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে ওআইসির সহকারী সেক্রেটারি জেনারেল নাইম খান, শিক্ষা সচিব এস এ মাহমুদ এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আহসান হাবিব প্রমুখ বক্তব্য দেন।