বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আগের মতোই, ১৪৬তম। গত বছরও বাংলাদেশ একই অবস্থানে ছিল। এই সূচক তৈরি করেছে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা ফ্রান্সভিত্তিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল রোববার সূচকটি প্রকাশ করা হয়েছে। সূচকে সবার ওপরে রয়েছে ফিনল্যান্ড। ১৮০টি দেশের গণমাধ্যম পর্যালোচনা করে এই সূচক করা হয়। এবার যুক্তরাষ্ট্রের অবস্থান ৪৯তম। গত বছর ছিল দেশটির অবস্থান ৪৬তম। আর ২০১০ সালে ছিল ২০তম।
এবারের সূচকে বাংলাদেশের সার্বিক স্কোর ৪২ দশমিক ৯৫। যা গতবারের চেয়ে শূন্য দশমিক ৩৭ কম। তবে স্কোরের এই ব্যবধানের জন্য গতবারের তুলনায় অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
সূচকে টানা পাঁচ বছর ধরেই প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। পরের অবস্থানে আছে ফিনল্যান্ডের প্রতিবেশী নরওয়ে ও ডেনমার্ক। আর ১৮০টি দেশের মধ্যে সূচকে সবচেয়ে নিচের দিকের দেশ ইরিত্রিয়া। তার ঠিক ওপরেই রয়েছে উত্তর কোরিয়া। আর উত্তর কোরিয়ার ওপরে রয়েছে তুর্কমেনিস্তান।
এ ছাড়া ফ্রান্স গত বছরের চেয়ে এক ধাপ এগিয়ে ৩৮তম, জাপান দুই ধাপ পিছিয়ে ৬১তম, ব্রাজিল ১২ ধাপ এগিয়ে ৯৯তম, রাশিয়া চার ধাপ পিছিয়ে ১৫২তম ও চীন এক ধাপ পিছিয়ে ১৭৬তম অবস্থানে রয়েছে।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারত ১৩৬তম, পাকিস্তান ১৫৯তম, শ্রীলঙ্কা ১৬৫তম, মিয়ানমার ১৪৪তম ও আফগানিস্তান ১২২তম অবস্থানে রয়েছে। সূত্র: রিপোর্টার্স উইদাউট বর্ডারসের ওয়েবসাইট।