বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে বন্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকায় বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে সুনামগঞ্জে। বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকায় বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। ছবিটি গতকাল সকালে তোলা l প্রথম আলো

সুনামগঞ্জে টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ছাড়া জেলার আরও পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। গতকাল শুক্রবার বেলা তিনটায় সুনামগঞ্জ পৌর শহরের কাছে সুরমা নদীর পানি বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় গতকাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি জরুরি সভা করেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক তদারকের জন্য একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত জেলার বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কের তিনটি স্থান প্লাবিত হওয়ায় ওই সড়কে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। একইভাবে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ-লাউড়েরগড় সড়কের শরিফপুর এলাকায় ঢলের পানিতে সড়ক ভেঙে গেছে। ওই সড়কেও যান চলাচল করতে পারছে না। শুক্রবার সকালে জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বিশ্বম্ভরপুর উপজেলার বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া সুলতানা জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের নিয়ে জরুরি বৈঠক করেছেন। একইভাবে সভা হয়েছে বিভিন্ন উপজেলায়।

তাহিরপুর ইউপির চেয়ারম্যান বোরহান উদ্দিন বলেন, গত এপ্রিল মাসে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফসল রক্ষা বাঁধ ভেঙে সুনামগঞ্জের হাওরে ফসলহানি হলেও তখন বন্যা হয়নি। কালবৈশাখী ছাড়া তখন মানুষের বাড়িঘরের কোনো ক্ষতি হয়নি। এখন বন্যা হওয়ায় ঢলের পানি ও হাওরের ঢেউয়ে ঘরবাড়ির ক্ষতি হচ্ছে।

বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ‘পরিস্থিতির অবনতি হচ্ছে। উপজেলার ১১টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি উঠেছে। পানি বাড়ছে। আমরা সব জায়গায় খোঁজ নিচ্ছি।’

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর এলাকার রায়পুর গ্রামে পানিবন্দী একটি বাড়ি  l প্রথম আলো
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার খরচার হাওর এলাকার রায়পুর গ্রামে পানিবন্দী একটি বাড়ি l প্রথম আলো

এ ছাড়া ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার সদর, জামালগঞ্জ, দোয়ারাবাজার, দিরাই ও শাল্লা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বর্ষণ ও ঢল অব্যাহত থাকায় পানি বৃদ্ধি অব্যাহত আছে।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বোরহান উদ্দিন জানান, উপজেলার শনির হাওর ও টাঙ্গুয়ার হাওরপারের অধিকাংশ গ্রামই প্লাবিত হয়েছে। তাহিরপুর-সুনামগঞ্জ সড়কের আনোয়ারপুর, ছিকসা, বালিজুরী এলাকার কয়েকটি স্থানে প্লাবিত হওয়ায় উপজেলার সঙ্গে জেলা শহরের সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনির হাওরের ঢেউয়ে এই সড়কের ক্ষতি হচ্ছে বেশি।

তাহিরপুরের ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মূলত বৃহস্পতিবার সকাল থেকে উজান থেকে ঢলের পানি বেশি পরিমাণে নামছে। সেই সঙ্গে প্রবল বর্ষণও রয়েছে। এ কারণে পানি বাড়ছে। রাস্তাঘাটের ক্ষতি হচ্ছে। এখনই কী পরিমাণ মানুষ পানিবন্দী আছে, সেটা বলা যাবে না। আমরা সার্বিক পরিস্থিত পর্যবেক্ষণ করছি। আশ্রয়কেন্দ্র হিসাবে কয়েকটি স্কুল প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে সেগুলোতেও মানুষ উঠতে পারবে।’

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গতকাল সকাল ছয়টায় সুরমা নদীর পানি বিপৎসীমার ৪৭ সেন্টিমিটার, দুপুর ১২টায় ৫০ সেন্টিমিটার এবং বেলা তিনটায় ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। গতকাল বেলা তিনটা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জে ১২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে নদ-নদী ও হাওরে পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। আমরা বন্যা পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নিচ্ছি। প্রয়োজনীয় ত্রাণ সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। সব উপজেলায় একইভাবে বার্তা দেওয়া হয়েছে।’