বিশ্বম্ভরপুরে আ. লীগ বিএনপি সংঘর্ষে ১০ জন আহত
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার একটি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গতকাল রোববার সকালে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ১০ জনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বাজারে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম তালুকদার ও বিএনপির নেতা মামুনুর রশীদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে গতকাল সকালেও দুই পক্ষের দুই সমর্থকের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে ১০ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাঁরা হলেন: আওয়ামী লীগের নেতা রফিক তালুকদার, খালেদ তালুকদার, আবু সালেহ্ তালুকদার এবং বিএনপির সমর্থক ফরহাদ। তাঁদের সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।সংঘর্ষের পরপর পুলিশ ঘটনাস্থল থেকে গোলাপ মিয়া, রাজ্জাক মিয়া, জয়নাল মিয়া, ইদু মিয়া, মফিজ উদ্দিন, আবুল কাসেম, আলাল মিয়া, বিল্লাল মিয়াসহ ১০ জনকে আটক করে। বিএনপির নেতা মামুনুর রশীদ অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতা রফিক স্থানীয় এক বিএনপির সমর্থককে মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে তাঁর লোকেরা বিএনপির সমর্থকদের ওপর হামলা চালায়। পুলিশ অন্যায়ভাবে কেবল বিএনপির সমর্থকদের আটক করেছে। তবে রফিক তালুকদার বলেন, ‘আমি কাউকে মারধর করিনি। প্রতিপক্ষের লোকজন বাজারে জোরপূর্বক চাঁদা আদায় করে। এর প্রতিবাদ করতে গিয়েই সংঘর্ষের ঘটনা ঘটেছে।’এ ব্যাপারে বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান বলেন, ‘বিএনপি বা আওয়ামী লীগ নয়, ঘটনাস্থলে যাদের পাওয়া গেছে, তাদেরই আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।’