বিশ্বম্ভরপুরে ঝড়ে নিহত ১ পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বৃহস্পতিবার গভীর রাতে কালবৈশাখীর তাণ্ডবে ৩০টি গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় ঘরের নিচে চাপা পড়ে এক শিশু নিহত ও অন্তত ২০ জন আহত এবং পাঁচ শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে।
নিহত শিশুর নাম তানজিনা আক্তার (১৩)। সে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফজর আলীর মেয়ে। এ সময় আহত হয় তার বাবা ফজর আলী (৫২) ও ভাই সুমন মিয়া (৯)। সুমন মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী শুরু হয়। এতে উপজেলার জগন্নাথপুর, চালবন্দ, ভাতেরটেক, জিনারপুর, আক্তাপাড়া, সরুপগঞ্জ, সোনাতলা, মহেন্দ্র নগর, ধনপুর বাজার, হালাবাদী, ছাতারকোনা, পলাশ, আলীপুর, জনতা বাজার, পলাশ বাজার, শক্তিয়ারখলা বাজার, সিরাজগঞ্জ, বাগগাঁও, পুরানগাঁও, মিরারচর, বাঘমারা, ভাটিপাড়া, দুর্গাপুর, বিশ্বম্ভরপুর, বাগেরকান্দা, রাজাপুর, নূতন হাটিসহ ৩০টি গ্রামের পাঁচ শতাধিক কাঁচা বসতঘর বিধ্বস্ত হয়। ঝড়ে গাছপালা ও গবাদিপশুর ক্ষতি হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ঝড়ে উপজেলার বেশ কিছু গ্রামের কাঁচা ঘরবাড়ি ও গাছপালার ক্ষতি হয়েছে। ঝড়ের সময় বসতঘরের নিচে চাপা পড়ে এক শিশু নিহত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, কালবৈশাখীতে উপজেলার বিভিন্ন স্থানে পাঁচ শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। অনেক গাছপালা উপড়ে ও ভেঙে পড়েছে। গাছপালা উপড়ে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
খবর পেয়ে শুক্রবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনজুর মোহাম্মদ শাহরিয়ার, বিশ্বম্ভরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তালুত প্রমুখ ঝড়ে ক্ষতিগ্রস্ত গ্রামগুলো পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ঝড়ে নিহত তানজিনা আক্তারের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পাঁচ হাজার, উপজেলা প্রশাসন তিন হাজার ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খায়রুল হুদা ব্যক্তিগতভাবে আরও পাঁচ হাজার টাকা দিয়েছেন।