বিশ্বম্ভরপুরে ধর্ষণের ঘটনায় দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় এক নারীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ব্যাপারে ওই নারী বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।
গ্রেপ্তার দুই যুবক হলেন উপজেলার ধনপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মোটরসাইকেলচালক ফয়েজ উদ্দিন (২২) ও চিনাকান্দি গ্রামের ফরহাদ মিয়া (২৮)।
ওই নারী জানান, তিনি ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন। বিবাহিত জীবনে তাঁর একটি সন্তান আছে। গত শুক্রবার রাতে তিনি ঢাকায় যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে একটি মোটরসাইকেল ভাড়া করে সুনামগঞ্জ শহরে যাচ্ছিলেন। পথে রাত আটটার দিকে চিনাকান্দি বাজারে চার যুবক জোর করে তাঁকে পাশের একটি জঙ্গলে নিয়ে ধর্ষণ করেন। গতকাল শনিবার সকালে তিনি বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা করেন।
তবে থানাহাজতে থাকা ফয়েজ উদ্দিন জানান, ওই নারী সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে মোটরসাইকেল ভাড়া নিয়েছিলেন৷ চিনাকান্দি বাজারে এসে আর যাবেন না বলে নেমে যান। এরপর তিনি (ফয়েজ) চলে যান। তিনি এর বেশি কিছুই জানেন না। ফরহাদ মিয়া বলেন, ‘এ রকম কোনো ঘটনাই ঘটেনি। ষড়যন্ত্র করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।’
বিশ্বম্ভরপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এর মধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।