বিশ্বযুদ্ধের পাঁচটি সম্মাননা পদক জাতীয় জাদুঘরে
গোপালগঞ্জে উদ্ধার হওয়া বিশ্বযুদ্ধের পাঁচটি সম্মাননা পদক জাতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল বুধবার সকালে পদকগুলো জাদুঘরের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান পদক পাঁচটি জাদুঘরের সহকারী কিপার দিবাকর সিকদার ও এক্সপ্লোরেশন সহকারী নূর ইসলাম মোল্লার হাতে তুলে দেন।ব্রিটেনের রানি ও সিংহের মূর্তিসংবলিত গোলাকার পদকগুলো তামার তৈরি। এগুলোর প্রত্যেকটিতে ক্রমিক নম্বর ও একজন করে বীরের নাম ইংরেজিতে লেখা রয়েছে। পদকগুলোর প্রান্তভাগে চারদিক ঘুরে ইংরেজিতে লেখা রয়েছে, হি ডায়েড ফর ফ্রিডম অ্যান্ড অনার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জানান, ২০০১ সালে তৎকালীন জেলা প্রশাসক গোপালগঞ্জের রাজস্ব বিভাগে পুরোনো কাগজপত্র খুঁজতে গিয়ে পদকগুলো পান। এত দিন এগুলো জেলা প্রশাসকের কার্যালয়ে শোপিস হিসেবে ব্যবহূত হয়েছে।দিবাকর সিকদার ও নূর ইসলাম মোল্লা জানান, ধারণা করা হচ্ছে, তৎকালীন ইংরেজ সরকার প্রথম অথবা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বীর যোদ্ধাদের মরণোত্তর সম্মান জানাতে এসব পদক তৈরি করেন।