বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নতুন লোগোর উন্মোচন
‘দেশি পোশাককে একটি দারুণ জায়গায় পৌঁছে দিতে কাজ করছে বিশ্বরঙ। আর তাই তাদের ডাক উপেক্ষা করতে পারি না।’ নায়করাজ রাজ্জাকের এ কথাই যেন পুরো অনুষ্ঠানজুড়ে ধ্বনিত হলো অতিথিদের মুখেও। গতকাল শুক্রবার বিকেলে যমুনা ফিউচার পার্কের নিচতলায় বি ব্লকে যাত্রা শুরু করল বিশ্বরঙের ১১তম শাখা। সেই সঙ্গে উন্মোচন করা হলো ‘বিশ্বরঙ বাই বিপ্লব সাহা’র নতুন লোগো। সেখানে দেশের বিভিন্ন অঙ্গনের পরিচিত মুখগুলোর দেখা মিলল মঞ্চে ও সামনের দর্শকসারিতে।
অনুষ্ঠানের শুরুতে ফারহানা চৌধুরীর কোরিওগ্রাফিতে ‘রঙ যেনো মোর মর্মে লাগে’ গানের সঙ্গে মঞ্চে আসেন বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টের নৃত্যশিল্পীরা। আবৃত্তি করেন শিমুল মুস্তাফা। এরপরই অতিথিদের সঙ্গে মঞ্চে আসেন নায়করাজ রাজ্জাক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। বিশ্বরঙ বাই বিপ্লব সাহার স্বত্বাধিকারী ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘বিশ্বরঙের যাত্রা শুরু হলো সময়ের দাবি মেনেই। দেশি পোশাককে বিশ্বময় ছড়িয়ে দিতেই আমার এই যাত্রা।’ মঞ্চে জানানো হয়, বিশ্বরঙের লোগোর ধারণাটি অভিনেত্রী বিপাশা হায়াতের। এরপর বিশ্বরঙ বাই বিপ্লব সাহার ছয় মডেল কানিজ আলমাস খান, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, সাদিয়া ইসলাম মৌ, অপি করিম ও তিশা মঞ্চে এসে একটি ক্যানভাসে ফুটিয়ে তোলেন নতুন লোগো। সবশেষে গান করেন শিল্পী মেহরীন ও দিনাত জাহান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী, নায়ক বাপ্পারাজ, বিজরী বরকতুল্লাহ প্রমুখ।