বিশ্বশান্তি ও ঐক্য কামনায় শেষ হলো ইজতেমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে গতকাল দুহাত তুলে মহান আল্লাহ তাআলার রহমত কামনা করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো
টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে গতকাল দুহাত তুলে মহান আল্লাহ তাআলার রহমত কামনা করেন মুসল্লিরা l ছবি: প্রথম আলো

আখেরি মোনাজাতে বিশ্বশান্তি ও ঐক্য কামনার মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা। প্রথম পর্বের মতো গতকাল রোববার দ্বিতীয় পর্বের মোনাজাতেও অংশ নিয়েছিলেন কয়েক লাখ মুসল্লি। ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়েছিল ‘কহরদরিয়া’ হিসেবে পরিচিত তুরাগতীরসহ আশপাশের এলাকা। ইজতেমা ময়দান ও আশপাশের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে লাগানো মাইকে ছড়িয়ে পড়েছিল সেই ধ্বনি।
মাঘের প্রথম সপ্তাহে শীতের মধ্যে সকাল থেকে ঢাকা ও আশপাশের এলাকার মানুষের গন্তব্য ছিল টঙ্গীর দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান ও আশপাশের সড়কের কয়েক কিলোমিটার জনসমুদ্রে পরিণত হয়।
হেদায়েতি বয়ান শেষে বেলা ১১টা ৫ মিনিটে মোনাজাত শুরু করেন ভারতের শীর্ষস্থানীয় তাবলিগ মুরব্বি মাওলানা সা’দ। মোনাজাত শুরু হতেই লাখো মুসল্লির কলরব মুহূর্তেই থেমে যায়। আরবি ও উর্দুতে মাওলানা সা’দের মোনাজাতের সঙ্গে মুসল্লিরা হাত তুলে ‘আমিন’, ‘আল্লাহুম্মা আমিন’ ধ্বনি তোলেন আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। মাঠ, রাজপথ, বাড়ির ছাদ, তুরাগের দুই তীর, কিনারে ভিড়ে থাকা নৌকা, পথে দাঁড়িয়ে থাকা যানবাহনে বসে কিংবা দাঁড়িয়ে দুই হাত তুলে বিনয়াবনত চিত্তে আল্লাহর রহমত কামনা করেন ধর্মপ্রাণ অগণিত মানুষ।
২৫ মিনিটের মোনাজাতে দুনিয়া ও আখিরাতের শান্তি কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর ঐক্য, মানবজাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, অগ্রগতি, সংহতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করা হয়।
এঁদের মধ্যে অনেকেই ছিলেন, যাঁরা প্রথম পর্বের মোনাজাতেও অংশ নেন। সে রকম একজন রাজধানীর পুরান ঢাকার রহিম উদ্দিন শেখ। ফজরের নামাজ পড়েই রওনা হন টঙ্গীর দিকে। কুড়িল এলাকা থেকে গাড়ি চলতে না দেওয়ায় হেঁটে রওনা হয়েছেন। তাঁর মতো আরও হাজার হাজার মুসল্লি হেঁটে ইজতেমাস্থলে পৌঁছান। রহিম শেখ বলেন, ‘লাখো মানুষের সঙ্গে মিলে মহান আল্লাহর দরবারে হাত তুলতে এখানে এসেছি।’ বাড্ডা থেকে পরিবার-পরিজন নিয়ে মোনাজাতে অংশ নিতে আসেন মোস্তাফিজুর রহমান। প্রথম পর্বের মোনাজাতেও অংশ নিয়েছেন জানিয়ে তিনি বলেন, ‘আগেরবার মাকে নিয়ে আসতে পারিনি। তাই এবার মাসহ স্ত্রী-পুত্র-কন্যাকে নিয়ে মোনাজাতে এসেছি।’
সর্বস্তরের মানুষের পাশাপাশি মোনাজাতে অংশ নেন মন্ত্রী, সাংসদ, বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক মিশনের সদস্য, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তাসহ বিশিষ্টজনেরা। গাজীপুর পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মো. মোমিন মিয়া জানান, ৯৫টি দেশের ৬ হাজার ৩০৭ জন বিদেশি মুসল্লিও ইজতেমায় অংশ নেন।
৮ জানুয়ারি বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়ে ১০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়। মাঝে চার দিন বিরতি দিয়ে ১৫ জানুয়ারি শুরু হয় ইজতেমার দ্বিতীয় পর্ব।
হেদায়াতি বয়ান: সকাল নয়টা থেকে মোনাজাতের আগ পর্যন্ত হেদায়াতি বয়ান করেন মাওলানা সা’দ। তাঁর বক্তব্যের বাংলা তরজমা করেন বাংলাদেশের মাওলানা হাফেজ যোবায়ের। বয়ানে মাওলানা সা’দ পরকালের জীবনের ওপর গুরুত্ব দেন।
নতুনভাবে ইজতেমার সূচি: মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় ২০১১ সালে ইজতেমাকে দুই পর্বে ভাগ করা হয়। তখন থেকে ৩২টি করে জেলার মুসল্লিরা দুই পর্বে ইজতেমায় অংশ নিয়ে আসছিলেন। এবার এ বিষয়টিতে পরিবর্তন আনা হয়েছে। ইজতেমা পরিচালনা কমিটির সদস্য গিয়াস উদ্দিন বলেন, এবার প্রথম পর্বে ১৭টি জেলার মুসল্লিরা অংশ নেন। দ্বিতীয় পর্বে অংশ নেন ১৫টি জেলার মুসল্লি। এ বছর যে ৩২ জেলা অংশগ্রহণ করেছে, তারা আগামী ২০১৮ সালের ইজতেমায় অংশগ্রহণ করবে। বাকি ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন ২০১৭ সালের ইজতেমায়।
আরও চার মুসল্লির মৃত্যু: শনিবার রাতে হৃদ্রোগে আক্রান্ত হয়ে চারজন মুসল্লি মারা গেছেন। এর আগে গত শুক্রবার রাতে মালয়েশিয়ার এক নাগরিকসহ তিন মুসল্লি মারা যান।
যানজট: মোনাজাত শেষ হওয়ার পরপরই বিভিন্ন স্থানে অবস্থান নেওয়া মানুষ একযোগে নিজ নিজ গন্তব্যে ফেরার চেষ্টা করেন। এতে টঙ্গীর আশপাশের সড়ক-মহাসড়কে সৃষ্টি হয় জনজট ও যানজট। সন্ধ্যা অবধি ছিল এই যানজট।