বিশ্বশান্তি কামনায় বুদ্ধপূর্ণিমা উদ্যাপিত
শান্তি শোভাযাত্রা, বুদ্ধপূজা, শীল গ্রহণ এবং পিণ্ড দানের মাধ্যমে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধপূর্ণিমা। ভোরে রাজধানীর মেরুল বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহার, ধর্মরাজিক বৌদ্ধবিহার ও মিরপুরে শাক্যমুনি বৌদ্ধবিহারে ধর্মীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে আন্তর্জাতিক বৌদ্ধবিহার ও ধর্মরাজিক বৌদ্ধবিহার থেকে শান্তি শোভাযাত্রা বের হয়। সকালে ধর্মরাজিক বৌদ্ধবিহারে ‘বুদ্ধের জীবন ও বাণী’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিকেলে সংঘরাজ ধর্মাসেন মহাথেরোর সভাপতিত্বে ‘বৌদ্ধ ধর্ম ও বিশ্বশান্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ, বুড্ডিস্ট অ্যাসোসিয়েশন অব চায়নার সহসভাপতি চুন-ই এবং মহাসচিব ওয়াং জিয়ানকে সমাজকল্যাণের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় অবদান রাখার জন্য অতীশ দীপঙ্কর শান্তি স্বর্ণপদক প্রদান করা হয়। বুদ্ধপূর্ণিমা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও তাঁর স্ত্রী গতকাল বঙ্গভবনে বৌদ্ধ সম্প্রদায়ের নেতৃবৃন্দ, কূটনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা বৌদ্ধধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।