বিশ্বসম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার চক্রান্ত হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামী দাবি করেছে, বিশ্বের দরবারে বাংলাদেশ যে মর্যাদার আসন গড়ে তুলেছিল, বর্তমান সরকারের শাসনামলে তা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে। এখন একতরফা প্রহসনের নির্বাচনের মাধ্যমে সরকার বিশ্বসম্প্রদায় থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করার অবশিষ্ট কাজ সম্পন্নের চক্রান্ত করছে।
জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি করেন। আজ শনিবার ভোর ছয়টা থেকে ৬ জানুয়ারি সোমবার ভোর ছয়টা পর্যন্ত ১৮ দলের ৪৮ ঘণ্টার হরতাল কর্মসূচি সফল করার আহ্বান জানিয়ে এ বিবৃতি দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ বিশ্বের ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০ অস্থিতিশীল দেশ ও অঞ্চলের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কিন্তু সরকার ব্যস্ত প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র বাস্তবায়নে। ক্ষমতা আঁকড়ে থাকার জন্য সরকার বাড়ি থেকে ধরে এনে বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, বাড়িঘর ধ্বংস করে এক ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে।
বিবৃতিতে হরতাল কর্মসূচি শান্তিপূর্ণ উপায়ে সফল করার জন্য সব শ্রেণী-পেশার মানুষের প্রতি আহ্বান জানানো হয়।