বিশ্বসম্প্রদায় বাংলাদেশের গণহত্যাকে এড়িয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত গণহত্যাকে বিশ্বসম্প্রদায় অনেকটাই এড়িয়ে গেছে বলে মনে করছেন গণহত্যা বিষয়ে একদল আন্তর্জাতিক বিশেষজ্ঞ।
বৃহস্পতিবার লন্ডনে হাউস অব কমন্সের এক কমিটি কক্ষে গণহত্যা, তার কারণ এবং প্রভাববিষয়ক এক সেমিনারে এই বিশেষজ্ঞরা আরও বলেন, গণহত্যার সংজ্ঞা নির্ধারণের বিষয়ে মতবিরোধ এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের পথে বাধা সৃষ্টি করছে। বিশ্বযুদ্ধকালীন ইহুদি নিধনের ঘটনাকে গণহত্যার মডেল হিসেবে বিবেচনা করার রীতি ত্রুটিপূর্ণ বলেও মত দেন তাঁরা।

যুক্তরাজ্যের দ্য ডেমোক্রেসি ফাউন্ডেশন এ সেমিনারের আয়োজন করে। এতে আলোচক ছিলেন ইউনিভার্সিটি অব সাসেক্সের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ইমেরিটাস অধ্যাপক মার্টিন শ, লন্ডনের কিংস্টন ইউনিভার্সিটির রিডার মার্কো হোর, ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক অব জেনোসাইড স্কলারসের ভাইস প্রেসিডেন্ট নাইজেল এল্ট্রিংহাম, বাংলাদেশের গবেষক ও ফরেনসিক প্যাথলজিস্ট এম এ হাসান, ডেমোক্রেসি ফোরামের চেয়ারম্যান পিটার লুফ এমপি এবং ইনস্টিটিউট অব কমনওয়েলথ স্টাডিজের জ্যেষ্ঠ ফেলো উইলিয়াম ক্রলি।

শ্রোতাদের প্রশ্নের জবাবে মার্টিন শ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের বাংলাদেশের গণহত্যা এড়িয়ে যাওয়ার দুটি সম্ভাব্য কারণ থাকতে পারে। এক. স্নায়ুযুদ্ধের আমলে বৈশ্বিক রাজনীতির মেরুকরণ ছিল ভিন্ন প্রকৃতির এবং পাকিস্তান একটি শক্তিশালী জোটের শরিক ছিল। দুই. এ ধরনের ভয়ংকর অপরাধ মোকাবিলার জন্য সে সময়ে বিশ্বে কোনো আন্তর্জাতিক ব্যবস্থা কার্যকর ছিল না।
মার্টিন শ বলেন, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের মতো বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে গুরুত্ব পেতে শুরু করেছে মাত্র বছর কুড়ি আগে।

অধ্যাপক শর বক্তব্য সমর্থন করে মার্কো হোর বলেন, সম্ভবত এ কারণেই ভারত-পাকিস্তান বিভাজনের সময়কার গণহত্যা অথবা ইন্দোনেশিয়ায় কমিউনিস্ট সন্দেহে প্রায় পাঁচ লাখ মানুষকে হত্যার ঘটনাগুলো আন্তর্জাতিক পরিসরে খুব বেশি আলোচিত হয়নি।
প্রশ্নোত্তর পর্বের আগে ‘সমসাময়িক কালে গণহত্যার উৎস এবং প্রভাব’ সম্পর্কে মার্টিন শ তাঁর মূল বক্তব্যে বলেন, আন্তর্জাতিক ও জাতীয় পরিস্থিতির কারণে বিভিন্ন সময়ে গণহত্যার প্রকৃতি ও বৈশিষ্ট্যে পরিবর্তন ঘটেছে। গণতন্ত্রায়ণের কারণে বর্তমান বিশ্বে জনগণ শাসকদের কাছে অধিকতর জবাবদিহি আশা করে এবং সে কারণে প্রায়শই নির্বাচন সমাজে উত্তেজনা ছড়ানোর মূল উৎসে পরিণত হয়।
অধ্যাপক শ বলেন, প্রায়শই নির্বাচনের ফল চুরি বা কেড়ে নেওয়ার ঘটনা ঘটে। ২০০৮ সালে কেনিয়ায় অনুষ্ঠিত নির্বাচনের সময় একটি গির্জায় ১৩০ জনকে জীবিত সমাহিত করার ঘটনার দৃষ্টান্ত দিয়ে তিনি বলেন, নির্বাচনোত্তর ক্ষমতা সংহত করার চেষ্টাও পরিস্থিতির অবনতি ঘটায়।

রাজনৈতিক ও সামরিক সংকটই হচ্ছে গণহত্যার উৎস এবং প্রায়শই নির্বাচন থেকে এসব সংকটের সূত্রপাত হয় বলে মনে করেন অধ্যাপক শ। তিনি বলেন, কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন নয়, বরং গোত্রীয়, জাতিগত ও ধর্মীয় দ্বন্দ্ব থেকেও গণহত্যা বা পাইকারি হারে হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটে থাকে।
‘গণহত্যা মোকাবিলার উপায় কী’ শীর্ষক বক্তৃতায় মার্কো হোর বলেন, বিশ্বব্যাপী গণহত্যা এখন একটি উপসর্গেও রূপ নিলেও তা মোকাবিলার বিষয়ে কোনো বৈশ্বিক মতৈক্য নেই। সিরিয়ার দৃষ্টান্ত দিয়ে হোর বলেন, সম্ভবত বিশ্ব এ রকম পরিস্থিতিতে হস্তক্ষেপের জন্য প্রস্তুত নয় এবং রাজনীতিকেরা বড় ধরনের ঝুঁকি নিতে আগ্রহী নন। তিনি বলেন, পাশ্চাত্যের দেশগুলোতে একদিকে রক্ষণশীল ডানপন্থীরা নীতি হিসেবে জাতীয় স্বার্থ না থাকলে কোথাও হস্তক্ষেপের বিরোধী, আর বামপন্থীরা এ ধরনের হস্তক্ষেপকে সাম্রাজ্যবাদী পদক্ষেপ হিসেবে গণ্য করে থাকে।

হোর বলেন, জাতিসংঘের মাধ্যমে উদ্যোগ গ্রহণের আগ্রহও এ ক্ষেত্রে একটি প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তিনি বলেন, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গণহত্যা বা পাইকারি হারে হত্যা বন্ধে তেমন একটা কাজে আসছে না। সাবেক যুগোস্লাভিয়াবিষয়ক ট্রাইব্যুনালে কাজ করা হোর বলেন, আইসিসি রুয়ান্ডা ও লাইবেরিয়ার ক্ষেত্রে কিছুটা সাফল্য পেলেও অন্যান্য দেশে সংঘটিত অপরাধগুলোর ক্ষেত্রে তেমন একটা সাফল্য পায়নি। তিনি বলেন, ‘মনে হচ্ছে, গণহত্যার মতো অপরাধ মোকাবিলার ক্ষমতা বা সামর্থ্য বিশ্বের নেই।’
গণহত্যা এবং গণনিষ্ঠুরতার প্রক্রিয়া সম্পর্কে জাতিসংঘের অন্যতম উপদেষ্টা নাইজেল এল্ট্রিংহাম বলেন, রুয়ান্ডার গণহত্যাবিষয়ক আদালতের বিচারকেরা দেখিয়েছেন, অভিন্ন সংস্কৃতি ও ভাষা সত্ত্বেও তুতসিদের একটি গোষ্ঠী সংগঠিতভাবে হুতুদের লক্ষ্য করে অপপ্রচার চালিয়ে ঘৃণা ও বিদ্বেষ ছড়িয়েছিল। তিনি বলেন, জনগোষ্ঠীর মধ্যে বিভেদ তৈরির চেষ্টা, পার্থক্য নিরূপণ করে তাকে বড় করে দেখানোর উদ্যোগ বা কোনো গোষ্ঠীকে অপবাদ দেওয়ার প্রয়াসকে চিহ্নিত করতে পারা এবং সেসব বিষয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন।

এল্ট্রিংহাম বলেন, গণহত্যা প্রতিরোধের লক্ষ্য নিয়েই জাতিসংঘ ২০০৪ সালে নির্দিষ্ট করে মহাসচিবের একজন উপদেষ্টার দপ্তর প্রতিষ্ঠা করেছে।
এম এ হাসান বলেন, বাংলাদেশের গণহত্যা বিশ্বযুদ্ধকালীন ইহুধি নিধনযজ্ঞের কাছাকাছি মাত্রার হলেও শুধু রাজনীতির কারণে বিশ্ব পরিসরে কেউ তা আলোচনা করেন না। তিনি বলেন, পুরো বিশ্ব এই গণহত্যার কথা ভুলে গেছে।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে (আইসিটি) একটি জাতীয় উদ্যোগ হিসেবে বর্ণনা করে তিনি বলেন, বিচার-প্রক্রিয়ায় সামান্য ঘাটতি থাকলেও এই আদালত এ ধরনের ঘৃণ্য অপরাধ বিষয়ে আন্তর্জাতিক আইনের আলোকেই প্রতিষ্ঠিত।