বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট উদ্বোধন
বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেছেন, ‘আমরা এখন ভ্রাম্যমাণ লাইব্রেরিতে করে বই মানুষের দরজায় নিয়ে যাই। একটা সময় আসবে মানুষের ঘরের ভেতর, ড্রয়িংরুমে, বেডরুমে বই নিয়ে যাব।’
বিশ্বসাহিত্য কেন্দ্রের ওয়েবসাইট www.bskbd.org -এর উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। দেরিতে ওয়েবসাইট চালুর কারণ বলতে গিয়ে তিনি বলেন, ‘কেউ ওয়েবসাইটের কথা বললে আমি যুক্তি দিতাম প্লেটো, রবীন্দ্রনাথের তো ওয়েবসাইট ছিল না। আমরা জানলাম তাঁদের কাজের মাধ্যমে।’
রাজধানীর বাংলামোটর এলাকায় অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে গতকাল সোমবার আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইটটি উদ্বোধন করেন কেন্দ্রের সভাপতি ও প্রধান নির্বাহী অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান, বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শরীফ মো. মাসুদ প্রমুখ।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘বই মানবসভ্যতার ধারক ও বাহক। যারা শৈশবে বই পড়েনি, তাঁরা বড় হয়ে বড় কোনো জায়গায় যাওয়া, এ মুহূর্তে আমার এভারেস্ট শৃঙ্গে ওঠার মতোই ব্যাপার।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘ওয়েবসাইটটি কালক্রমে আরও বিকশিত হবে।’