বিশ্বসাহিত্য পাঠচক্র শিগগির শুরু হচ্ছে
শৈল্পিক ও মানবিক চেতনা বিকাশের লক্ষ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রে শিগগির শুরু হচ্ছে ‘বিশ্বসাহিত্য পাঠচক্র: ২০১৩’। বিশ্বসাহিত্যের ২৫ থেকে ৩০টি সেরা বই সমবেতভাবে পাঠের মধ্য দিয়ে এ পাঠচক্র শুরু হবে। পাঠচক্রে মূলত সাহিত্য, দর্শন, ইতিহাসসহ কয়েকটি শাখার নির্বাচিত বই পড়ার সুযোগ পাবেন সভ্যরা। প্রতি শুক্রবার নির্ধারিত বইয়ের ওপর আনন্দঘন আলোচনার আয়োজন থাকবে। পাঠচক্রের সার্বিক পরিচালনায় থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। দেশের বরেণ্য শিক্ষক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা এর সঙ্গে যুক্ত থাকবেন।বই পড়ার পাশাপাশি সভ্যদের জন্য চলচ্চিত্র ও মঞ্চনাটক দেখা, গান শোনা, বক্তৃতা উপভোগ এবং দর্শনীয় স্থান ভ্রমণের সুযোগ থাকবে। পাঠচক্রের প্রথম পর্ব চলবে ছয় মাস। সাক্ষাৎকারের মাধ্যমে ৫০ জন সভ্য মনোনীত করা হবে। আগ্রহী সভ্যদের ন্যূনতম উচ্চমাধ্যমিক পাস হতে হবে। আগ্রহী ব্যক্তিদের ৩১ জানুয়ারির মধ্যে ছবিসহ প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে। বিজ্ঞপ্তি।