বিশ্বায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বায়নের ফলে আঞ্চলিক পর্যায়ে সৃষ্ট নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা চিহ্নিত করার পাশাপাশি এই অঞ্চলের মানুষের কল্যাণে সম্মিলিত উদ্যোগ নিতে সিরডাপ সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।প্রধানমন্ত্রী গতকাল সোমবার সেন্টার অন ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক (সিরডাপ) ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টার (আইসিসি) উদ্বোধনকালে এই আহ্বান জানান। এর আগে প্রধানমন্ত্রী ফলক উন্মোচনের মাধ্যমে সিরডাপ-আইসিসি ভবন উদ্বোধন করেন। খবর বাসসের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় দেশগুলো যে হুমকির মুখে রয়েছে, তা এরই মধ্যে অনুভূত হয়েছে। এ জন্য সাধারণ মানুষের কল্যাণে এই অঞ্চলের প্রতিটি দেশকে আধুনিক, উন্নত ও শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে একটি কার্যকর সমাধান খোঁজায় সিরডাপ দেশগুলোর সম্মিলিত প্রয়াস ও মেধা কাজে লাগাতে হবে। এ ক্ষেত্রে অনেক সময় একক উদ্যোগ সফল হলেও সদস্য দেশগুলোর সম্মিলিত উদ্যোগ এই সংস্থাভুক্ত রাষ্ট্রগুলোর জনগণের কল্যাণে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।শেখ হাসিনা বলেন, ১৫ সদস্যের আঞ্চলিক ও আন্তসরকার সংগঠন সিরডাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত হওয়ায় বাংলাদেশ গর্বিত। গ্রামীণ উন্নয়নের বিভিন্ন মডেল উদ্ভাবনে বাংলাদেশ এখন একটি সুপরিচিত নাম। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ছয় দশমিক পাঁচ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৪ বিলিয়ন ডলার (এক হাজার ৪০০ কোটি ডলার) ছাড়িয়ে গেছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সিরডাপ-আইসিসি ভবনে আইসিটি সেন্টার স্থাপনে ভারতের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী সিরডাপকে আঞ্চলিক সংহতির কেন্দ্রে পরিণত করতে সংস্থাভুক্ত অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, পল্ল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মিহির কান্তি মজুমদার ও সিরডাপের মহাপরিচালক ড. সিকফ ইফফেন্দি বক্তৃতা করেন।