বিশ্বাস করি মিয়ানমার রোহিঙ্গাদের ফেরত নিয়ে যাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ১০ দফা পয়েন্টে আলোচনা হয়েছে। সেখানে আমরা বলেছি, সন্ত্রাস-জঙ্গিবাদকে আমরা আশ্রয়–প্রশ্রয় দিই না। আমরা বিশ্বাস করি, তারা (মিয়ানমার) তাদের দেশের মানুষকে ফেরত নিয়ে যাবে।’
যশোরে রামকৃষ্ণ আশ্রম মন্দির উদ্বোধন ও উৎসর্গ উৎসবের সমাপনী দিন আজ বুধবার প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খ্রিষ্টান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকো বাংলাদেশে আসছেন। আমরা ভেবেছিলাম, তিনি রোহিঙ্গা শিবিরে যাবেন। কিন্তু তিনি যেতে চাননি। তবে রোহিঙ্গাদের কয়েকজন নেতার সঙ্গে তিনি কথা বলবেন।’
ঢাকার হোলি আর্টিজান বেকারি, শোলাকিয়া, দিনাজপুরসহ বিভিন্ন স্থানে যাজক, পুরোহিত ও মসজিদের মুয়াজ্জিন হত্যার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন। আমরা যেকোনো মূল্যে জঙ্গি–সন্ত্রাসীদের আশ্রয়–প্রশ্রয় দেব না। ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্র হচ্ছে। আমাদের বিব্রত করতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য মাঝেমধ্যে দুই একটি ঘটনা ঘটছে। তাৎক্ষণিক আমাদের প্রশাসন দেশের টানে জীবনবাজি রেখে এই সন্ত্রাসী-জঙ্গিদের নির্মূল করার জন্য সারা দেশে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ঢাকার রামকৃষ্ণ মঠ ও আশ্রমের স্বামী পরদেবানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যশোর-৫ আসনের সাংসদ স্বপন ভট্টাচার্য, যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, ভারতের চেন্নাইয়ের রামকৃষ্ণ স্টুডেন্ট হোমের সম্পাদক শুকদেবানন্দজী মহারাজ ও পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক বিশ্বময়ানন্দজী মহারাজ প্রমুখ।
আলোচনা শেষে মন্ত্রী নবনির্মিত মন্দির ঘুরে দেখেন। দৃষ্টিনন্দন মন্দিরটি নির্মাণে ১ কোটি ৯৮ লাখ টাকা ব্যয় হয়েছে।