বিশ্বাসযোগ্যতা অর্জনের উপায় ভালো সাংবাদিকতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত বিদেশি সাংবাদিকেরা গতকাল প্রথম আলোর কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবিতে অতিথি ও সাংবাদিকদের একাংশ l প্রথম আলো
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত বিদেশি সাংবাদিকেরা গতকাল প্রথম আলোর কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। ছবিতে অতিথি ও সাংবাদিকদের একাংশ l প্রথম আলো

বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতাই পারে একটি গণমাধ্যমকে সাধারণ মানুষের কাছে বিশ্বাসযোগ্য করতে। কোনো পত্রিকা ভালো সাংবাদিকতা করলে তার ব্যবসাও ভালো হবে। তবে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ছাপা পত্রিকার পাশাপাশি অনলাইনকে এগিয়ে নিতে এখনই প্রস্তুতি নিতে হবে।
প্রথম আলোর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমন্ত্রিত বিদেশি সাংবাদিকেরা গতকাল শনিবার প্রথম আলোর কার্যালয়ে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন।
মতবিনিময়ের শুরুতে বক্তব্য দেন উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক কুলদীপ নায়ার। তিনি বলেন, গণমাধ্যম একসময় প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে বিবেচিত হতো। এখন সেভাবে হচ্ছে না। আগে যাঁরা সাংবাদিকতায় আসতেন, তাঁদের দেশের প্রতি, মানুষের প্রতি একধরনের অঙ্গীকার ছিল। কিন্তু এখনকার সাংবাদিকেরা নিজের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত।
কুলদীপ নায়ার আরও বলেন, ভালো পত্রিকার জন্য যেমন যোগ্য সম্পাদক প্রয়োজন, তেমনি দরকার ভালো মালিকের। তিনি আক্ষেপ নিয়ে বলেন, মালিকপক্ষ অনেক সময়ই নিজেদের লোককে অতিরিক্ত সম্পাদক বা এ ধরনের কোনো পদে বসিয়ে দেয়।
ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম সভা সঞ্চালন করেন। তিনি বলেন, ‘একটি গণমাধ্যম কতটা সফল হতে পারে, কত কিছু নিয়ে কাজ করতে পারে তার উদাহরণ প্রথম আলো। তবে সারা বিশ্বেই ছাপা পত্রিকার সংখ্যা কমছে। এই চ্যালেঞ্জটা কীভাবে মোকাবিলা করব, তা নিয়েই আমরা আজকে আলোচনা করতে চাই।’
টাইমস অব ইন্ডিয়ার সমন্বয় সম্পাদক রঞ্জন রায় বলেন, ‘শহরের উচ্চশিক্ষিত ও মধ্যবিত্তরাই এখন ইংরেজি কাগজ কিনে পড়ছে। এর বাইরে অনেক তরুণ মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছে। এখন তরুণদের এ প্রবণতা আমরা কীভাবে কাজে লাগাব, সেটা নিয়ে আমাদের ভাবতে হবে। সমন্বিত সংবাদ ব্যবস্থাপনা নিয়েও চিন্তা করতে হবে।’
মিসরের আল আহরাম পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক কামাল গাবালা ইউনুস বলেন, ‘১৮৭৫ সালে আল আহরাম পত্রিকার সূচনা হয়েছিল। তবে সাম্প্রতিক সময়ে আমরা সংকটে আছি। আমাদের প্রচারসংখ্যা কমছে। সরকার বা কারও মুখপত্র হলে এই সংকট হবেই। গণমাধ্যমে বাস্তব চিত্র উঠে আসা উচিত।’
পাকিস্তানের জিয়ো টিভির নির্বাহী সম্পাদক হামিদ মির বলেন, ‘পাকিস্তানে যারা সত্যিকারের সমালোচনা করে সংবাদ প্রকাশ করছে, তাদের বিরুদ্ধে রাষ্ট্র থেকে মামলা দেওয়া হচ্ছে। আমরা রাষ্ট্রের এসব চেনা সমস্যা মোকাবিলা করতে পারলেও এখন বড় সমস্যা অনলাইন সন্ত্রাস। জঙ্গিবাদীরা প্রকাশ্যে অনলাইনে তৎপরতা চালাচ্ছে। এই সন্ত্রাস মোকাবিলা করতে হবে।’
কলকাতার আনন্দবাজার পত্রিকার অনির্বাণ চট্টোপাধ্যায় বলেন, ‘শিক্ষিত শহুরে শ্রেণির তরুণেরা এখন বাংলা পত্রিকা পড়ছে না। তবে মোবাইল-ইন্টারনেটে তারা খবর পড়ছে। এই শক্তিকে কীভাবে কাজে লাগাব, সেটি ভাবতে হবে। তরুণেরা যা চায় সে ধরনের তথ্য-সংবাদ দিতে হবে।’
ভারতের শিলং টাইমস-এর সম্পাদক মানস চৌধুরী প্রথম আলোয় প্রকাশিত পলান সরকারের সংবাদের উদাহরণ দিয়ে বলেন, ‘কেবল মাথা নয়, আমাদের হৃদয় দিয়ে সাংবাদিকতা করতে হবে।’
ত্রিপুরার দৈনিক সংবাদ-এর প্রদীপ দত্ত ভৌমিক বলেন, ‘টেলিভিশনগুলো যাচাই-বাছাই ছাড়াই অনেক সময়ে নিউজ দিয়ে দেয়। কিন্তু সংবাদপত্রকে সঠিক সংবাদ দিতে হয়। এটি বজায় রাখতে হবে।’
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব ও রোমভিত্তিক ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অরগানাইজেশনের মহাব্যবস্থাপক আইরিন খান বলেন, ‘নেতিবাচক-ইতিবাচক নয়, যা সত্য খবর, যা ঘটনা তাই প্রকাশ করা উচিত। তবে আমি মনে করি লিঙ্গ সমতা, মূল্যবোধ এসব বিষয় মাথায় রাখতে হবে।’
টাইমস অব ওমান ও আল শাবিহা-এর ডিজাইন পরিচালক অ্যাদোনিস দুরাদো বলেন, ‘মাথা বা হৃদয় দিয়ে সাংবাদিকতা করার পাশাপাশি চোখের কথা ভাবতে হবে। পত্রিকার অলংকরণ যেন দৃষ্টিনন্দন হয়, সেভাবে তথ্য-উপাত্ত উপস্থাপন করতে হবে।
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান বলেন, ‘আমি মনে করি, সাংবাদিকদের ভালো বেতন ও সুযোগ-সুবিধা পাওয়া উচিত। আর পত্রিকাকে অবশ্যই লাভজনক করতে হবে। নইলে মালিক সেখানে প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে।’
আসামের টাইমস নাউ টিভির পরামর্শক সম্পাদক ওয়াজবির হুসাইন, কাতারের দার আল শারক-এর বৈদেশিক প্রকাশনা ব্যবস্থাপক নিগাল ক্লিফটন নরানহা, অসমীয়া প্রতিদিন পত্রিকার জ্যেষ্ঠ সাংবাদিক কঙ্কন আচার্য্য ও ভারতের মাওলানা আবুল কালাম আজাদ অব এশিয়া স্টাডিজের পরিচালক শ্রীরাধা দত্ত অনুষ্ঠানে বক্তব্য দেন।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান সবাইকে ধন্যবাদ জানান। ভবিষ্যতেও এ ধরনের সংলাপ ও সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এই বিদেশি সাংবাদিকেরা বিকেলে ডেইলি স্টার-এর কার্যালয়ে যান। সেখানেও তাঁরা একটি মতবিনিময় সভায় অংশ নেন।