বিশ্বাসযোগ্যতার পাশাপাশি দায়িত্বশীলতাও জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূলধারার গণমাধ্যম হোক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যম—তথ্যের অবাধ প্রবাহই পারে রাষ্ট্রে সুশাসন তৈরি করতে। তবে এ ক্ষেত্রে বিশ্বাসযোগ্যতা যেমন জরুরি, তেমনি দায়িত্বশীল হতে হবে সবাইকে।

প্রথমবারের মতো অনুষ্ঠিত জাতীয় গণযোগাযোগ ও সাংবাদিকতা সম্মেলনের সমাপনী অধিবেশনে আলোচকদের অধিকাংশের বক্তব্যে ছিল এই তাগিদ। পাঁচ দফা ঘোষণার মধ্য দিয়ে গতকাল বুধবার দুদিনের এই সম্মেলন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এই সম্মেলনের আয়োজন করে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান মফিজুর রহমান পাঁচটি ঘোষণা তুলে ধরেন। এতে বলা হয়, দেশে গণযোগাযোগ ও সাংবাদিকতাবিষয়ক গবেষণা বহুমাত্রিকতা পেয়েছে; আধুনিক সমাজব্যবস্থা, প্রযুক্তি ও বিশ্বায়নের প্রেক্ষাপটে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে নিত্যনতুন গবেষণার গুরুত্ব আরোপ করা হচ্ছে; দেশে এ ধরনের গবেষণার জন্য একটি নেটওয়ার্কিং দরকার; প্রতিবছর এ ধরনের সম্মেলন আয়োজন করা দরকার।

সমাপনী অধিবেশনে আরও বক্তব্য দেন অধ্যাপক ফাহমিদুল হক, সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান ও সাবরিনা সুলতানা চৌধুরী।

এর আগে গতকাল সকালে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে ‘বাংলাদেশের সামাজিক যোগাযোগের মাধ্যম: বর্তমান ও সম্ভাবনা’ শীর্ষক একটি অধিবেশনে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক রোবায়েত ফেরদৌস। সম্মেলনে ব্যক্তি ও গোষ্ঠীর ওপর সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ভূমিকা রাখছে, ফেসবুক কীভাবে নির্বাচন ও ভোটে ভূমিকা রাখছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কীভাবে ফেসবুক ব্যবহার করছেন—এসব নিয়ে গবেষকেরা তাঁদের প্রবন্ধ তুলে ধরেন।

রোবায়েত ফেরদৌস বলেন, ‘খুব দ্রুতই কাগজকেন্দ্রিক সভ্যতা শেষ হয়ে যাবে। আগামীর পৃথিবী অনলাইনের। আজকে প্রগতিশীল এবং প্রতিক্রিয়াশীল—দুই অংশই ফেসবুক ব্যবহার করছে। সবাইকে এখানে দায়িত্বশীল আচরণ করতে হবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ে আরেকটি অধিবেশনের সভাপতিত্ব করেন হেলেনা ফেরদৌসি। ওই অধিবেশনে সামাজিক যোগাযোগমাধ্যমে অসামাজিক কর্মকাণ্ড নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি ফেসবুক কীভাবে মূলধারার গণমাধ্যমের জবাবদিহির নতুন ক্ষেত্র হয়ে উঠছে, সেটি নিয়েও আলোচনা হয়। ‘চলচ্চিত্র: রিপ্রেজেন্টেশন এবং ভাবাদর্শ’ শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক জাকির হোসেন রাজু। এ ছাড়া গণমাধ্যম, সংস্কৃতি ও ক্ষমতায়ন নিয়ে অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আবদুর রাজ্জাক খান। তাতে বাংলাদেশের টেলিভিশন অধ্যয়নের সম্ভাবনা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ফাহমিদুল হক। ‘গণমাধ্যম, বিজ্ঞাপন এবং দর্শক’ শীর্ষক অধিবেশনের সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

দুপুরে গণমাধ্যম, রাজনীতি এবং সুশাসনবিষয়ক একটি অধিবেশন অনুষ্ঠিত হয়। সহযোগী অধ্যাপক এ এস এম আসাদুজ্জামান এতে সভাপতিত্ব করেন। এই অধিবেশনে সরকারের সিনিয়র সহকারী সচিব মাহমুদুল হক একটি প্রবন্ধ উপস্থাপন করে বলেন, তথ্যের অধিকার সুশাসন ও জবাবদিহি প্রতিষ্ঠা করতে পারে।

ওই অধিবেশনে চলচ্চিত্রের নারী দর্শকদের নিয়ে একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গীতি আরা নাসরিন। তিনি বলেন, বাংলাদেশের সিনেমার দর্শক ক্রমেই কমছে। এর মধ্যে সবচেয়ে বেশি কমেছে নারী দর্শক। তারা এখন টেলিভিশনের পর্দাতেই অধিক দৃষ্টি দেয়।

সম্মেলনে গণমাধ্যমে এলজিবিটি, নারী এবং লোকসংগীতবিষয়ক একটি অধিবেশনে সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক আফরোজা বুলবুল। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন ইউ ল্যাবের অধ্যাপক ব্রায়ান সোস্মিথ। এ ছাড়া বিকেলে সাংবাদিকতাবিষয়ক সমালোচনামূলক ভাবনা শীর্ষক অধিবেশনে সভাপতিত্ব করেন প্রিন্টিং ও পাবলিশিং বিভাগের চেয়ারম্যান সুধাংশু শেখর রায়। তাতে অধ্যাপক শেখ আবদুস সালাম তাঁর ‘সাংবাদিকতা: প্রযুক্তি ও বাজারের চ্যালেঞ্জ’ শীর্ষক প্রবন্ধে বলেন, যোগাযোগের ক্ষেত্রে নতুন নতুন প্রযুক্তি আসছে। এই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে মূল্যবোধসম্পন্ন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার প্রথম দিনে ফেসবুকে নারী-পুরুষের প্রতি অবমাননকার পৃষ্ঠাগুলোর আধেয়, ইসলাম, জঙ্গিপনা ও জাতীয়তার কল্পনা, অনলাইন, সন্ত্রাসবাদ, গ্রামীণ জনগোষ্ঠী এবং তথ্যকেন্দ্র, সামাজিক যোগাযোগের মাধ্যম, সংবাদপত্রের পাঠক, গুলশানের জিম্মি সংকটে সম্প্রচার সাংবাদিকতার ভূমিকা, ইলেকট্রনিক মিডিয়াসহ নানা বিষয় উঠে আসে।