বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রামু, উখিয়া, টেকনাফ ও পটিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় সরকারের পক্ষ থেকে কোনো বিশ্বাসযোগ্য তদন্তের নিশ্চয়তা না পাওয়ায় বন্ধুদেশগুলো বিব্রত। এতে বিশ্ববাসীর কাছে বাংলাদেশের ভাবমূর্তি ভূলুণ্ঠিত হচ্ছে। তিনি এ ঘটনায় বিশ্বাসযোগ্য তদন্তের জন্য সরকারের কাছে দাবি জানান।গতকাল শনিবার এক বিবৃতিতে খালেদা জিয়া এ দাবি জানান। তিনি বলেন, এ ঘটনা কেন ঘটল, কারা এর পেছনে ইন্ধন জুগিয়েছে, তার কোনো বিশ্বাসযোগ্য তদন্ত, প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও আইন মোতাবেক শাস্তির কোনো উদ্যোগ প্রায় দুই সপ্তাহ পরও জনগণ পায়নি।সরকার বিষয়টিকে রাজনৈতিক রঙে রঞ্জিত করে প্রতিদ্বন্দ্বীদের দমন ও সংকীর্ণ ফায়দা হাসিলের অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, এভাবে অপরাধ ও অপরাধীকে প্রশ্রয় দেওয়ার কারণে প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে যে নেতিবাচক ধারণা তৈরি হয়ে চলেছে, তা উপমহাদেশে বাংলাদেশের নিরাপত্তার জন্য বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে।খালেদা জিয়া বলেন, ‘সংখ্যালঘুদের জানমাল ও উপাসনালয়ের ওপর কোনো রকম হুমকি বা ক্ষতিসাধন বরদাশত করতে পারি না। পার্বত্য অঞ্চলে সংখ্যালঘুরা যেভাবে ক্ষতিগ্রস্ত এবং অমর্যাদাবোধে ভুগছেন, তা দ্রুত দূর করার দায়িত্ব সবাইকে নিতে হবে।’ তিনি প্রতিটি জেলায় সংখ্যালঘু জনগোষ্ঠীর সুরক্ষায় সর্বশক্তি নিয়োগ করতে বিএনপির নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দেন।