দশম জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে জার্মানি বলেছে, বাংলাদেশের সংসদ নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে খুবই কম। দেশটির সরকার ও সব রাজনৈতিক দলকে দেশের স্বার্থে তাদের মতভেদ দূর করে একসঙ্গে কাজ করার এবং শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য নির্বাচন করার আহ্বান জানিয়েছে। আর ফ্রান্স দেশের গণতান্ত্রিক কাঠামো রক্ষা করে প্রধান রাজনৈতিক দলগুলোকে আবারও সংলাপে বসার তাগিদ দিয়েছে।
গতকাল বুধবার ঢাকায় জার্মানির দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে এবং প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব তথ্য জানান। জার্মানির দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের সংসদ নির্বাচন এবং একে ঘিরে বিরাজমান পরিস্থিতি বিষয়ে জার্মানি অবগত আছে। নির্বাচনে ভোটারদের ইচ্ছার প্রতিফলন ঘটেছে খুবই কম। নির্বাচনী প্রচারের সময় এবং নির্বাচনের দিন আহত ও নিহতের সংখ্যা আতঙ্কিত করার মতো বেশি।
বিজ্ঞপ্তিতে নির্বাচনকেন্দ্রিক সব ধরনের সহিংসতার নিন্দা জানানো হয় এবং সংখ্যালঘুদের বিশেষভাবে বিবেচনায় রেখে সব রাজনৈতিক দলকে যেকোনো ধরনের সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। গতকাল প্যারিসে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি সহিংসতা বন্ধ করে স্থিতিশীলতা বজায় রাখার এবং প্রধান প্রধান রাজনৈতিক দলকে গণতান্ত্রিক কাঠামোর মধ্যে থেকে আলোচনা শুরুর আহ্বান জানাচ্ছি।’ মুখপাত্র বলেন, বাংলাদেশে সহিংসতা ও কম ভোটারের উপস্থিতির মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচন-পরবর্তী পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে ফ্রান্স।