ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী অ্যান্ড্রু মিচেল বলেছেন, বাংলাদেশে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিশ্বাসযোগ্য ফলাফল নিশ্চিত হবে—এমনটা দেখতে আগ্রহী ব্রিটেন।গতকাল সোমবার তিনি সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। তিন দিনের ঢাকা সফরের শেষ দিনে ব্রিটিশ হাইকমিশনের ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের প্রতি তাঁর সরকারের ও নিজের অকুণ্ঠ ভালোবাসা ও শ্রদ্ধার কথা জানান। সেই সঙ্গে মিচেল উল্লেখ করেন, ব্রিটিশ করদাতাদের টাকা গরিব মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা দেখাই ছিল এ সফরের অন্যতম লক্ষ্য। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া তাঁর সঙ্গে আলোচনায় কোনো উদ্বেগ জানিয়েছেন কি না—এ প্রশ্ন করা হলে মিচেল বলেন, বিরোধী দল তাদের কাজের অংশ হিসেবে সব সময় সরকারের সমালোচনা করে থাকে। এ জন্যই তাদের দায়িত্ব দেওয়া হয়। বাংলাদেশে মানবাধিকারের কোনো লঙ্ঘন ঘটছে না—ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রীর সঙ্গে আলাপকালে এ দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অ্যান্ড্রু মিচেল বলেন, ব্রিটিশ সরকার সব সময় মানবাধিকার লঙ্ঘনের ব্যাপারে সোচ্চার থেকেছে। এ ব্যাপারে ব্রিটেনের সুনাম রয়েছে। অ্যান্ড্রু মিচেল বলেন, ‘তিন দিনের এ সফরের সময় আমি মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জীবনযাত্রার পরিবর্তনে অভাবনীয় ভূমিকা রেখেছে গ্রামীণ ব্যাংক। এ ভূমিকার কারণে তাঁর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।’ অ্যান্ড্রু মিচেল বলেন, ‘ড. ইউনূসের বিষয়ে ব্রিটিশ সরকারের মুগ্ধতার বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আলাপের সময় উল্লেখ করেছি। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ যে বাংলাদেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন, তা-ও দীপু মনি স্বীকার করেছেন।’ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। এক প্রশ্নের উত্তরে অ্যান্ড্রু মিচেল বলেন, বাংলাদেশ এখন জঙ্গিবাদ থেকে অনেকটাই মুক্ত।