অবাধ, সুষ্ঠু ও দেশের জনগণের কাছে বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে মার্কিন কংগ্রেস।
মার্কিন কংগ্রেসের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটি অভিন্ন ভাষায় লেখা এক চিঠিতে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাকে এই আহ্বান জানায়।
মার্কিন কংগ্রেসের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত শুক্রবার বাংলাদেশের দুই নেত্রীকে এ চিঠি দেওয়া হয়েছে।
কংগ্রেসের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির ছয় সদস্য: এলিয়ট এল এঙ্গেল, এডওয়ার্ড আর রয়েস, স্টিভ শ্যাবো, জোসেফ ক্রাউলি, জর্জ হোল্ডিং ও গ্রেস ম্যাং ১২ ডিসেম্বর দুই নেত্রীকে এ চিঠি পাঠান।
চিঠিতে মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেন, ‘অব্যাহত রাজনৈতিক অচলাবস্থা এবং এর অনুষঙ্গ হিসেবে হিন্দু সম্প্রদায়সহ অন্য সংখ্যালঘুদের ওপর হামলা বাংলাদেশ যে অগ্রগতি করছে, তাতে নেতিবাচক প্রভাব ফেলবে বলে আমরা উদ্বিগ্ন। বার্ষিক ৬ শতাংশ প্রবৃদ্ধি, দারিদ্র্যের হার কমে আসাসহ বাংলাদেশের অর্থনৈতিক অর্জন ও দ্বিপক্ষীয় বাণিজ্যের বিশাল অগ্রগতি থেমে যাক, তা আমরা চাই না।’
মার্কিন কংগ্রেসের সদস্যরা আরও বলেন, ‘একই সঙ্গে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা এবং একটি ত্রুটিপূর্ণ নির্বাচন-প্রক্রিয়া ওই অগ্রগতির ওপর যে প্রভাব ফেলতে পারে, তা নিয়েও আমরা শঙ্কিত।’