বিশ্বাসযোগ্য নির্বাচন বাংলাদেশের ভাবমূর্তির জন্য গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের সফররত আন্তর্জাতিক উন্নয়ন সহায়তা প্রতিমন্ত্রী অ্যালান ডানকান বলেছেন, বাংলাদেশের ভাবমূর্তির স্বার্থে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য প্রক্রিয়ায় আয়োজন করাটা গুরুত্বপূর্ণ। ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

দুই দিনের বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন অ্যালান ডানকান। বাসস জানিয়েছে, যুক্তরাজ্যসহ সংসদীয় গণতান্ত্রিক সরকারব্যবস্থা বিদ্যমান দেশগুলোর অনুসরণে আগামী সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।

অ্যালান ডানকান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন।

প্রধানমন্ত্রী গত সাড়ে চার বছরে ক্ষমতাসীন দলের কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়া অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে পাঁচ হাজার ৬০০-এর বেশি নির্বাচন অনুষ্ঠানের প্রতি আলোকপাত করেন। তিনি বলেন, তাঁর সরকার গত সাড়ে চার বছরে শক্ত হাতে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন করেছে। তাঁর সরকার গণশিক্ষা ও শিক্ষা, কৃষি, পরিবহন ও জ্বালানি খাত এবং মানবসম্পদ উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শেখ হাসিনা যুক্তরাজ্যের বিনিয়োগকারীদের প্রতি বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ গ্রহণ এবং সহজে প্রশিক্ষণযোগ্য ও প্রতিযোগিতামূলক শ্রমশক্তিকে কাজে লাগানোর আহ্বান জানান।

অ্যালান ডানকান বলেন, আগামী নির্বাচনের প্রাক্কালে বাংলাদেশের জন্য এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। বিশ্বে বাংলাদেশের প্রভাব বাড়ছে। তাই অতীতের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি লোক বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সাম্প্রতিক সহিংসতা আর রানা প্লাজা ধ্বসের ঘটনায় বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহ আরও বেড়েছে। নির্বাচন কীভাবে হবে, সেটি অবশ্যই বাংলাদেশের নিজস্ব ব্যাপার। তবে সব পক্ষই অর্থবহ সংলাপের মাধ্যমে তাদের দূরত্ব কমাবে বলে আশা করা যায়।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ: ইউএনবি জানায়, গতকাল গুলশানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও দেখা করেন ডানকান। সেখানে তাঁদের মধ্যে প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ডানকান বলেন, সব দলের অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় যুক্তরাজ্য। তিনি বলেন, নির্বাচন হতে হবে সহিংসতামুক্ত। সবার অংশগ্রহণে গণতান্ত্রিক পন্থায় কোনো হুমকি বা সহিংসতা ছাড়াই নির্বাচন অনুষ্ঠিত হবে।