সংহতি সমাবেশে মহিলা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
বিশ্বায়নের যুগে নারীর প্রতি সহিংসতা গ্রহণযোগ্য নয়
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান বিশ্বায়নের যুগে নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সামাজিক আন্দোলন গড়ে তুলে নারী নির্যাতন বন্ধ করতে হবে। তা ছাড়া দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে অনগ্রসর রেখে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।গতকাল বৃহস্পতিবার আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিবাদ পক্ষের সমাপনী কর্মসূচি হিসেবে বেসরকারি সংগঠন স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট ও ঢাকা ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত সংহতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এ কথা বলেন।কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তারা বলেন, শুধু আইন দিয়ে যৌন হয়রানির মতো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না। মানুষের মধ্যে সচেতনতা ও প্রতিবাদী মনোভাব গড়ে তুলতে হবে। নারীদেরও নিজেকে দুর্বল ভাবলে চলবে না।সংহতি সমাবেশে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাহমুদা ইসলাম, সাংসদ রাশেদা বেগম, জাতীয় মহিলা সংস্থার সভাপতি মমতাজ বেগম, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, একুশে টেলিভিশনের চেয়ারম্যান এম আবদুস সালাম, আমরাও পারি ক্যাম্পেইনের এম বি আখতার ও ফওজিয়া খোন্দকার।সংহতি প্রকাশের ফাঁকে ফাঁকে সংগীত পরিবেশন করেন সায়ান ও কফিল উদ্দিন। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়। সমাবেশে পুরুষেরা একটি নাটকে অংশ নেন। বিজ্ঞপ্তি।