বিশ্বে জায়গা করে নিতে ইংরেজি শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুলের শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করতে রবি-ডেইলি স্টার আয়োজিত ইংলিশ-ইন-স্কুল প্রোগ্রামের খুলনা বিভাগীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক আনিস মাহমুদ বলেন, ‘ইংরেজি শেখার জন্য আমাদের আরও যত্নশীল হতে হবে। ইংরেজি শিক্ষার মাধ্যমে বিশ্বে আমরা জায়গা করে নিতে পারব।’
গতকাল রোববার বিকেলে খুলনা শহরের সেন্ট যোসেফ উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগের উপপরিচালক টি এম জাকির হোসেন, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর ব্যবস্থাপনা সম্পাদক সালেহউদ্দিন আহমেদ, মুঠোফোন সেবাদানকারী কোম্পানি রবির আঞ্চলিক ব্যবস্থাপক আরিফুর রহমান।
জাকির হোসেন বলেন, ‘ইংরেজি না শিখলে আমরা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারব না।’
সালেহউদ্দিন আহমেদ বলেন, বাংলা ভাষাভাষীদের অন্য ভাষা শিখতে কষ্ট হয় না। বাংলা ও ইংরেজি ভাষা দুটি ভালোভাবে শেখা দরকার।
ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ইংরেজিভীতি দূর করার জন্য মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর যৌথ উদ্যোগে ইংলিশ-ইন-স্কুল প্রোগ্রাম কর্মসূচি পরিচালনা করছে। ইংরেজিতে দক্ষ করে তুলতে গত ছয় মাস খুলনার শিক্ষার্থীদের নিয়ে নানা কর্মসূচি নেওয়া হয়। শিক্ষকদেরও প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।