বিশ্বে তামাকসেবীদের ৬৪ শতাংশই ধূমপায়ী। তারা প্রধানত সিগারেটে অভ্যস্ত। তবে বাংলাদেশ ও ভারতে তামাক পাতা খাওয়া, নস্য ও গুল ইত্যাদি ব্যবহারেরও প্রচলন রয়েছে। গতকাল বৃহস্পতিবার দ্য ল্যানচেট মেডিকেল জার্নাল-এর এক জরিপের বরাত দিয়ে বাসস এ তথ্য জানায়। এতে সিগারেট সেবনের আশঙ্কাজনক অবস্থার কথা উল্লেখ করা হয়েছে।জরিপে বলা হয়, কয়েক বছর থেকে বিশ্বব্যাপী তামাকবিরোধী প্রচারণা চললেও উন্নয়নশীল দেশগুলোতে তামাক বর্জনের হার খুবই কম। এসব দেশের দুই-পঞ্চমাংশ পুরুষ এখনো নেশা হিসেবে তামাক ব্যবহার করে। তামাকজাতীয় নেশাসেবীদের অর্ধেকই এর ক্ষতিকর প্রভাবে মৃত্যুমুখে পতিত হয় বলে জরিপে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, লিঙ্গ ও জাতিভেদে যেমন ধূমপানের তারতম্য রয়েছে, তেমনি তামাক নিয়ন্ত্রণের ব্যবস্থার ক্ষেত্রেও রয়েছে পার্থক্য। জরিপে বলা হয়, বিশ্বের শীর্ষস্থানীয় তামাক কোম্পানি ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো, ব্রিটেনের ইম্পেরিয়াল টোব্যাকো, ফিলিপস মরিস এবং জাপান টোব্যাকো চলতি সপ্তাহে ‘প্লেইন টোব্যাকো প্যাকেজিং’ আইন চালুর বিরুদ্ধে অস্ট্রেলিয়ায় এক আইনি লড়াইয়ে হেরে গেছে।অস্ট্রেলিয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশের আলোকে লোগোবিহীন (নো লোগো) আইন চালু করছে। ধূমপানবিরোধী অভিযানের সহায়ক হিসেবে ব্রিটেন, নরওয়ে, নিউজিল্যান্ড, কানাডা ও ভারত এ ধরনের ব্যবস্থার বিষয় বিবেচনা করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে ধূমপায়ীদের অর্ধেকই এর প্রভাবে মৃত্যুবরণ করে। এর ফলে ফুসফুসের ক্যানসারসহ শ্বাসযন্ত্রের অনেক দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়।জরিপে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো জরিপের উল্লেখ করে বলা হয়, পুরুষদের মাঝে ধূমপানের হার শতকরা ৪১ শতাংশ। কিন্তু নারীদের ক্ষেত্রে তা ৫ শতাংশ। নারী ধূমপায়ীর সর্বনিম্ন হার হচ্ছে মিসরে, শূন্য দশমিক ৫ শতাংশ এবং সর্বোচ্চ পোল্যান্ডে, ২৫ শতাংশ। এর পরই রয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। এ দুটি দেশে নারী ধূমপায়ীর হার যথাক্রমে ২১ ও ১৬ শতাংশ। প্রায় ৩০ কোটি ১০ লাখ তামাকসেবীর দেশ হচ্ছে চীন। এর পরই ভারতের অবস্থান। ভারতে ধূমপায়ীর সংখ্যা প্রায় ২৭ কোটি পাঁচ লাখ। এ ছাড়া অন্য যেসব দেশে জরিপ পরিচালিত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে: বাংলাদেশ, মেক্সিকো, ফিলিপাইন, থাইল্যান্ড, তুরস্ক, ইউক্রেন, উরুগুয়ে ও ভিয়েতনাম। জরিপে বলা হয়েছে, তরুণীদের মাঝে তামাকের ক্রমবর্ধমান ব্যবহার উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।