বিশ্বে দ্রুত ছড়াচ্ছে নতুন মাদক, প্রস্তুতি নেই বাংলাদেশের
জাতিসংঘ বলছে, পপি ও কোকার চাষ কমে যাওয়ায় সারা বিশ্বে হেরোইন ও কোকেনের মতো মাদকের উৎপাদন কমেছে। সরবরাহ কম থাকায় এগুলোর চাহিদা কমছে। হেরোইন, কোকেনের মতো মাদকের জায়গা দখল করছে এমফিটামিন (ইয়াবা), ক্যাটামিন, পাইপারজিনস, মেফিড্রন, স্পাইস, এক্সটাসির মতো নতুন নতুন মাদক।জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক কার্যালয় (ইউএনওডিসি) প্রকাশিত ‘আন্তর্জাতিক মাদক প্রতিবেদন-২০১০’-এ এসব তথ্য পাওয়া গেছে। ২৩ জুন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন প্রেসক্লাবে আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। নতুন মাদকের মধ্যে ইয়াবার ব্যবহার বাংলাদেশে বেশ আগেই শুরু হয়েছে এবং ইতিমধ্যে ব্যাপকভাবে তা ছড়িয়ে পড়েছে। ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০’ অনুযায়ী এমফিটামিন বা ইয়াবা এ দেশে নিষিদ্ধ। সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশে ক্যাটামিনেরও ব্যবহার শুরু হয়েছে। তবে আইন অনুযায়ী ক্যাটামিন মাদক নয়। এর সুযোগ নিচ্ছে ক্যাটামিন ব্যবসায়ীরা। গত ৪ মে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্ক বিভাগের কর্মকর্তারা ২০ কেজি ক্যাটামিন উদ্ধার করেন এবং পাচারকারী ভারতীয় এক নাগরিককে আটক করেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিষিদ্ধ মাদকের তালিকায় ক্যাটামিন না থাকায় ওই ভারতীয়ের বিরুদ্ধে মাদক আইন কার্যকর হবে না বলে কর্মকর্তারা আশঙ্কা করছেন। তাই তাঁর বিরুদ্ধে চোরাচালান আইনে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ও রাসায়নিক পরীক্ষাগারের প্রধান পরীক্ষক আবু তালেব প্রথম আলোকে বলেন, সর্বশেষ ২০০০ সালে মাদক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মাদকের তালিকা হালনাগাদ করা হয়েছিল। তিনি বলেন, আগে কোনো পণ্যে ৫ শতাংশ অ্যালকোহল থাকলে তাকে মাদকের পর্যায়ে ফেলে তালিকাভুক্ত করা হতো। ২০০৪ সালে অ্যালকোহলের মাত্রা পরিবর্তন করে দশমিক ৫ শতাংশ করা হয়। কিন্তু নতুন করে বাজারে আসা পণ্যের কোনো তালিকা আর করা হয়নি।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৩ প্রকার মাদকের উল্লেখ রয়েছে। মূল উপাদান হিসেবে পপি, আফিম, গাঁজা, কোকেন, অ্যালকোহল, কোডেইন ও এমফিটামিন ব্যবহার করে এসব মাদক তৈরি হয়। এর বাইরে ২২টি মৌলিক রাসায়নিক দ্রব্যের নাম আছে, যেগুলো মাদক হিসেবে ব্যবহারের সুযোগ আছে। আবু তালেব বলেন, ২২টি রাসায়নিক দ্রব্যের মধ্যে শিল্পে ব্যবহারের জন্য আটটি আমদানি করা হয়। এর মধ্যে টলুইন অন্যতম। বাংলাদেশসহ বিভিন্ন দেশে মাদকের তালিকায় টলুইনের নাম আছে। তবে এটি দিয়ে তৈরি হয় অ্যাডহেসিভ আঠা। এখন এই আঠাই মাদক (ডান্ডি) হিসেবে সেবন করছে পথশিশুরা। তিনি বলেন, আইন দিয়ে এটা ঠেকানোর উপায় নেই।আইনের দুর্বলতার সুযোগে এসব মাদকের দ্রুত প্রসার ঘটার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, নিষিদ্ধ মাদকের তালিকা হালনাগাদ করা জরুরি হয়ে পড়েছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছরে বিশ্বে পপির উৎপাদন কমেছে ২৩ শতাংশ। শীর্ষ পপি উৎপাদনকারী দেশ আফগানিস্তান ও মিয়ানমারে এর উৎপাদন কমেছে। এ ছাড়া গত এক দশকে কোকেনের মূল উপাদন কোকার উৎপাদনও কমেছে ২৮ শতাংশ। কোকা উৎপাদনে শীর্ষে থাকা কলম্বিয়া, ইকুয়েডর, পেরু, বলিভিয়া, চিলি—এই দেশগুলোতে মাদকবিরোধী অভিযানের কারণে উৎপাদন কমেছে। পুরোনো এসব মাদকের স্থান দখল করছে নতুন মাদক। প্রতিবেদনে আরও বলা হয়েছে, এমফিটামিন গোত্রের মাদক পাচারের পথ (রুট) খুব ছোট। সাধারণত ভোক্তাদের মূল বাজারের ধারেকাছে এগুলো তৈরি করা হয়। নতুন মাদকের কোনো কোনোটির কাঁচামাল অনেক ক্ষেত্রে ব্যবহারের জন্য বৈধ ও হাতের নাগালেই তা পাওয়া যায়। উৎপাদনকারীরা খুব সহজে এগুলো বাজারজাত করতে পারে। অনুন্নত অনেক দেশেই গোপনে স্থাপন করা হচ্ছে এগুলোর কারখানা (ল্যাবরেটরি)।