বিশ্বের বিভিন্ন দেশের নারী আইনপ্রণেতা বা সাংসদেরা (এমপি) যৌন নিগ্রহ ও মানসিক সহিংসতার শিকার হচ্ছেন। এই বৈশ্বিক সমস্যা লৈঙ্গিক সমতা প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি এবং গণতন্ত্রের ভিত্তিকেও দুর্বল করছে। বিভিন্ন দেশের আইনসভার আন্তর্জাতিক সংগঠন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এক প্রতিবেদনে এ কথা বলেছে।
বিশ্বের পাঁচটি অঞ্চলের ৩৯টি দেশের ৫৫ জন নারী আইনপ্রণেতার সঙ্গে বিস্তারিত সাক্ষাৎকারের ভিত্তিতে আইপিইউ ওই প্রতিবেদন তৈরি করেছে। এতে দেখা যায়, নারী আইনপ্রণেতারা যন্ত্রণাদায়ক মাত্রায় মানসিক, যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। প্রতিবেদনের বিস্তারিত আজ বুধবার প্রকাশের কথা রয়েছে। এতে বাংলাদেশের নাম আছে কি না, তা জানা যায়নি।
তবে এ বিষয়ে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘আমি বর্তমান ও গত সংসদে দায়িত্ব পালনের সময় নারী সাংসদদের ওপর এ রকম নিগ্রহের কোনো অভিযোগ পাইনি।’
প্রতিবেদনে আইপিইউর মহাসচিব মার্টিন চুংগং অবশ্য বলছেন, ‘সীমিত পরিসরের জরিপ হলেও এটা স্পষ্ট যে সমস্যাটা আমাদের ধারণার চেয়েও বেশি ছড়িয়ে পড়েছে। এ নিয়ে খবরাখবরও কম প্রকাশ হয়েছে। আইনপ্রণেতাদেরই এ ধরনের নিগ্রহ ও হয়রানির বিরুদ্ধে অবশ্যই সরব হতে হবে। এসব সহ্য করা হবে না বলে নিশ্চিত করতে হবে। কারণ এ অবস্থা চলতে থাকলে রাজনীতিতে নারীর অংশগ্রহণ ব্যাহত হবে।’
জরিপে অংশগ্রহণকারী নারী আইনপ্রণেতাদের ৮১ দশমিক ৮ শতাংশ কোনো না কোনো ধরনের মানসিক সহিংসতার শিকার হয়েছেন। তাঁদের মধ্যে প্রায় ৪৪ শতাংশ বলেছেন, তাঁরা পার্লামেন্টের দায়িত্বে থাকাকালে হত্যা, ধর্ষণ, মারধর বা অপহরণের হুমকি পেয়েছেন। এমনকি তাঁদের সন্তানদের অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হয়েছে।
অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যমই মানসিক সহিংসতার মতো কুকর্মের একটি বড় ক্ষেত্র। ইউরোপীয় একজন আইনপ্রণেতা বলেন, টুইটারে একবার চার দিনে তিনি অন্তত ৫০০টি হুমকি পেয়েছেন। এগুলো ছিল ধর্ষণের হুমকি।
এশীয় এক আইনপ্রণেতা বলেন, ‘কেউ আমাকে আমার ছেলের বিস্তারিত তথ্য—নাম, বিদ্যালয়, শ্রেণি ইত্যাদি জানিয়ে দিয়ে তাকে অপহরণের হুমকি দেয়।’ সমানভাবে যৌন ইঙ্গিতপূর্ণ অবমাননাও করা হয়ে থাকে। জরিপে অংশগ্রহণকারী নারী আইনপ্রণেতাদের ৬৫ দশমিক ৫ শতাংশ এ ধরনের অবমাননাপূর্ণ মন্তব্য শুনেছেন নিজেদের নিয়ে। আর এটা ঘটেছে আইনপ্রণেতার পদে তাঁদের মেয়াদকালেই। যৌন হয়রানিকে ‘সাধারণ ব্যাপার’ উল্লেখ করে ২০ শতাংশ বলেছেন, মেয়াদে থাকাকালে তাঁরা এ রকম হয়রানির শিকার হয়েছেন। আর ৭ দশমিক ৩ শতাংশ বলেছেন, কেউ না কেউ তাঁদের সঙ্গে জোর করে যৌন সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন।
শারীরিক নির্যাতনের মাত্রাটাও গুরুত্বপূর্ণ: জরিপে অংশগ্রহণকারীদের ২০ শতাংশ বলেছেন, তাঁদের থাপ্পড়, ধাক্কা, ঘুষি অথবা কোনো কিছু ছুড়ে মারা হয়েছে। ১২ দশমিক ৭ শতাংশ বলেছেন, কেউ তাঁদের ওপর গুলি, ছুরিকাঘাত বা অন্যান্য অস্ত্র প্রয়োগের হুমকি দিয়েছে।
নারী আইনপ্রণেতারা তাঁদের প্রতি নিত্যদিনের কর্তৃত্বপূর্ণ আচরণ এবং যৌন ইঙ্গিতপূর্ণ কথাবার্তা, আওয়াজ বা অভিব্যক্তি সহ্য করার অভিজ্ঞতা বর্ণনা করেছেন। ইউরোপীয় এক আইনপ্রণেতা বলেন, একজন নারী পার্লামেন্টে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বললে তাঁর উদ্দেশে ঠোঁটের সামনে আঙুল দিয়ে থামতে ইঙ্গিত করা হয়। কিন্তু কোনো পুরুষ চিৎকার করলেও কেউ এমন ইঙ্গিত করে না।
জরিপ প্রতিবেদনটি প্রকাশের মধ্য দিয়ে এ ধরনের আচরণ প্রতিরোধে জোরদার নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের জন্য বিভিন্ন দেশের আইনসভার প্রতি আহ্বান জানিয়েছে আইপিইউ। প্রতিবেদনের শেষ অংশে আছে, বৈশ্বিক এই চিত্র নারী এমপিদের অবাধ ও নিরাপদে কাজ করার পথে বাধা দিচ্ছে।