বিশ্বে প্রতি তিনজনে একজন নারী ধর্ষণ-নির্যাতনের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও মেয়েশিশুদের ওপর নির্যাতন এবং সহিংসতা চলছে বিশ্বজুড়েই। সহিংসতা অবসানে বিশ্বব্যাপী আগামী ২০১৩ সালের ১৪ ফেব্রুয়ারি পালিত হবে ভি-ডে (V-Day)|‘উদ্যমে উত্তরণে শত কোটি জেগে ওঠো, প্রতিবাদ করো, সংগঠিত হও’ এই স্লোগানকে ধারণ করে পালিত হবে দিনটি। ভি-ডে হচ্ছে নারী ও মেয়েশিশু নির্যাতন বন্ধে একটি বিশ্বব্যাপী আন্দোলন। এই আন্দোলনে শামিল হতে সব নারী নির্যাতনবিরোধী সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে চট্টগ্রামের আইন সহায়তা দানকারী সংস্থা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) চট্টগ্রামে আয়োজন করেছে সংবাদ সম্মেলনের।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে এই সংবাদ সম্মেলন হয়। ব্লাস্টের সমন্বয়কারী রেজাউল করিমের পরিচলনায় সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির পরিচালনা পর্ষদের সভাপতি সুভাষ চন্দ্র লালা। সংবাদ সম্মেলনে ব্লাস্টের সঙ্গে একাত্মতা পোষণ করে বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আশোক কুমার দাশ, বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য নারীনেত্রী নূরজাহান বেগম ও মানবাধিকার-কর্মী জেসমিন সুলতানা।জাতিসংঘের তথ্য উল্লেখ করে বক্তারা বলেন, সারা বিশ্বে প্রতি তিনজনে একজন নারী শারীরিক নির্যাতন কিংবা ধর্ষণের শিকার হচ্ছে। চট্টগ্রামে অন্তত ৩০টিরও বেশি সংগঠন নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে এবং তাদের অধিকার আদায়ে কাজ করে চলেছে। নব্বইয়ের দশক থেকে শুরু হওয়া নারী নির্যাতনবিরোধী বিভিন্ন আন্দোলনে রাজপথে নেমেছে এই সংগঠনগুলো। তাই নারী ও মেয়েশিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে আরও সোচ্চার হোন।