সারা বিশ্বে পাঁচ বছরের কম বয়সী শিশুদের নিউমোনিয়ায় আক্রান্তের হার বেশি। প্রতি ২০ সেকেন্ডে এ রোগে একটি শিশু মারা যাচ্ছে। এ রোগ থেকে শিশুদের রক্ষা করতে সরকারি-বেসরকারিভাবে অচিরেই ব্যাপক সচেতনতা সৃষ্টি এবং প্রতিষেধক কার্যক্রম শুরু করতে হবে। ‘বাংলাদেশে নিউমোনিয়ার প্রাদুর্ভাব এবং প্রতিকার’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেছেন। গতকাল রোববার সকালে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ে চাইল্ড কেয়ারের (ট্রিটমেন্ট সেন্টার) সহযোগিতায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে নিউমোনিয়া বিষয়ে তথ্য উপস্থাপন করেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক মাহমুদ এ চৌধুরী। তিনি উল্লেখ করেন, বিশ্বে নিউমোনিয়ায় যত শিশু মারা যায়, তার মধ্যে ৯৯ ভাগ শিশু বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে মারা যাচ্ছে এবং সারা বিশ্বে প্রতি ২০ সেকেন্ড এ রোগে আক্রান্ত হয়ে একটি করে শিশু মারা যাচ্ছে।ডেইলি স্টার চট্টগ্রাম কার্যালয়ের প্রধান এ কে এম রইসুল হকের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সাদার্ন মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ঝুলন দাশ শর্মা, চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক আঞ্জুমান আরা ইসলাম ও মো. বদরুদ্দোজা।গোলটেবিলে আরও আলোচনা করেন চট্টগ্রাম মা-শিশু ও জেনারেল হাসপাতালের চিকিৎসক মনির উল্লাহ, ফাহিম রেজা, ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগংয়ের (ইউএসটিসি) চিকিৎসক দিদারুল আলম, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক বাসনা মুহুরী, সাংবাদিক ওমর কায়সার, এম নাসিরুল হক, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতালের শিশু স্বাস্থ্য কনসালট্যান্ট সুশান্ত বড়ুয়া, সানসাইন গ্রামার স্কুলের প্রিন্সিপাল সাফিয়া গাজী রহমান, রোটারি ক্লাব, চট্টগ্রাম মিড সিটির সভাপতি আহমেদ জিবরান প্রমুখ।