বিশ্বে প্রাথমিক স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি দেন মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেখানে ডাক্তার নেই বইয়ের লেখক ডেভিড ওয়ারনার বলেছেন, সারা বিশ্বে প্রাথমিক স্বাস্থ্যসেবা সবচেয়ে বেশি দেয় মায়েরা। মাকে ক্ষমতা দিলে, প্রশিক্ষণ দিলে জনস্বাস্থ্য পরিস্থিতির উন্নতি হয়।গতকাল মঙ্গলবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘সাংবাদিকদের সাথে সাক্ষাৎ ও কথোপকথন’ অনুষ্ঠানে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডেভিড ওয়ারনার এ কথা বলেন। তিনি বলেন, শিশুরা স্বাস্থ্যশিক্ষা পেলে পরিবার ও কমিউনিটি উপকৃত হয়।ডেভিড বলেন, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সারা বিশ্বে সবচেয়ে বেশি লাভজনক প্রতিষ্ঠান। ওষুধের দাম বৃদ্ধিকে তিনি প্রাতিষ্ঠানিক গণহত্যা (ইনস্টিটিউশনাল জেনোসাইড) প্রক্রিয়ার সঙ্গে তুলনা করেন। এক প্রশ্নের জবাবে ডেভিড বলেন, চিকিৎসা ক্ষেত্রে একচেটিয়া ব্যবসা চলছে। চিকিৎসা প্রতিষ্ঠান (মেডিকেল এস্টাবলিশমেন্ট) জনস্বাস্থ্যের জন্য বড় বাধা। ডেভিড ওয়ারনার সারা বিশ্বে সুখ্যাতি কুড়িয়েছেন তাঁর যেখানে ডাক্তার নেই (হয়ার দেয়ার ইজ নো ডক্টর) বইয়ের জন্য। বাংলাসহ ৮৯টি ভাষায় বইটির অনুবাদ হয়েছে। চিকিৎসক না হয়েও একজন মানুষ কীভাবে রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা দিতে পারবেন, তা-ই বইটির মূল বিষয়। বইয়ে বিনা ওষুধে আরোগ্য লাভের উপায়, আধুনিক ওষুধের সঠিক ও ভুল ব্যবহার, অ্যান্টিবায়োটিকের ব্যবহার, ওষুধের মাত্রা ঠিক করা—এসব বিষয় নিয়ে আলোচনা আছে। ডেভিড লিখেছেন, ‘...কেউ যদি তাঁর গ্রামকে বসবাসের জন্য অধিকতর স্বাস্থ্যোপযোগী করে তুলতে কাজ করেন, তবে তিনিই পল্লী স্বাস্থ্যকর্মী।’এক প্রশ্নের জবাবে ডেভিড বলেন, যুক্তরাষ্ট্রের চেয়ে মাথাপিছু ব্যয় ২০ গুণ কম হলেও কিউবায় স্বাস্থ্যসেবা ভালো। তিনি বলেন, সামরিক দিক দিয়ে না হলেও স্বাস্থ্য ও সামাজিক বিষয়ে কিউবা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি।অনুষ্ঠানের শুরুতে ‘পরিবর্তনশীল বিশ্বের জন্য স্বাস্থ্যসেবা ও শিক্ষা’ শীর্ষক উপস্থাপনায় ডেভিড ওয়ারনার বলেন, স্বাস্থ্যের নিয়ামকগুলো দ্রুত পাল্টাচ্ছে। অল্প সংখ্যক ধনী মানুষের কাছে সম্পদ কুক্ষিগত হচ্ছে। কিছু মানুষের হাতে সম্পদ থাকলে বিপুল সংখ্যক দরিদ্র মানুষের স্বাস্থ্যের ওপর তার বিরূপ প্রভাব পড়ে। তিনি শিক্ষাব্যবস্থার বর্তমান ধারা পরিবর্তনের ওপর জোর দিয়ে বলেন, গবেষণায় দেখা গেছে, শিশুদের উদ্ভাবনী শক্তির গুরুত্ব দিলে তারা স্বাস্থ্য সমস্যার কারণ ও সমাধানের পথ বের করতে পারে। বিদ্যালয়ের ওপরের শ্রেণীর শিক্ষার্থীরা নিচের শ্রেণীর শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ে জানাতে পারে। সমাজে ন্যায্য ও টেকসই স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে শিশুরা বড় ভূমিকা রাখতে পারে।অনুষ্ঠানে সাংবাদিক ছাড়াও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এনজিও-কর্মী ও মেডিকেল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।