বিশ্বে বন্দী ১৯৯ সাংবাদিক বাংলাদেশে ৫: সিপিজে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে বন্দী এমন সাংবাদিকের সংখ্যা বর্তমানে ১৯৯। আগের তিন বছরের তুলনায় বন্দী সাংবাদিকদের সংখ্যা সামান্য কিছু কমেছে; কিন্তু চীন, মিসর, তুরস্কসহ বিশ্বের কোনো কোনো দেশে গ্রেপ্তার সাংবাদিকের সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে গেছে। বাংলাদেশেও আগের যেকোনো সময়ের চেয়ে অধিকসংখ্যক সাংবাদিক এখন কারাগারে আছেন।
এ কথা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে)। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে প্রকাশিত এই সংস্থার বার্ষিক ‘বন্দী সাংবাদিকদের তালিকা’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালে বিশ্বজুড়ে বন্দী এমন সাংবাদিকের সংখ্যা তার আগের বছরের তুলনায় ২২ জন কমেছে। তবে কোনো কোনো দেশে সাংবাদিকদের ওপর নিবর্তনমূলক ব্যবস্থা আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে।
সিপিজের এই প্রতিবেদন অনুসারে বাংলাদেশে বর্তমানে বন্দী এমন সাংবাদিকের সংখ্যা ৫। তাঁরা হলেন মাহমুদুর রহমান (দৈনিক আমার দেশ), সালাহউদ্দিন শোয়েব চৌধুরী (সাপ্তাহিক ব্লিট্স), আবদুস সালাম (একুশে টিভি), কনক সরোয়ার (একুশে টিভি) এবং রিমন রহমান (দৈনিক আমাদের রাজশাহী)। প্রথম আলোকে এই সংস্থার বাংলাদেশবিষয়ক গবেষক সুমিত গালহোত্রা জানিয়েছেন, গত বিশ বছরে তাঁদের প্রস্তুত প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে এত সাংবাদিক কখনো জেলে আটক থাকেননি। ২০১৪ সালে জেলে ছিলেন তিনজন সাংবাদিক; ২০১৩ সালে ছিলেন একজন। এর আগের দুই বছর—২০১২ ও ২০১১ সালে আটক সাংবাদিকের সংখ্যা ছিল শূন্য।
সুমিত গালহোত্রা বলেন, কর্মরত সাংবাদিকদের অব্যাহত জেল থেকেই বোঝা যায়, বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতার অবনতি ঘটেছে। তিনি বলেন, ‘নামজাদা সম্পাদক থেকে ক্ষুদ্র জেলা শহরের সাংবাদিক—সবাই এখন বিপদের সম্মুখীন। ক্ষমতাসীন ব্যক্তিদের বিরুদ্ধে যে-ই কথা বলুন না কেন, তাঁরা গ্রেপ্তারের ও বাকস্বাধীনতা হারানোর হুমকির সম্মুখীন হতে পারেন।’
সিপিজে মনে করে, বাংলাদেশে সাংবাদিকদের বাকরুদ্ধ করে রাখার নেতিবাচক প্রতিক্রিয়া শুধু যে এসব সাংবাদিক এবং তাঁদের পরিবার ও সহকর্মীদের ওপর পড়ছে তা নয়, সারা দেশের সাংবাদিকতা পেশার ওপরই পড়ছে। ভীত সাংবাদিকেরা সেখানে নিজেরাই স্ব-আরোপিত সেন্সরশিপের শিকার হয়ে পড়ছেন।
তথ্যসচিব মরতুজা আহমেদ প্রথম আলোকে বলেন, ভীত হয়ে স্ব-আরোপিত সেন্সরশিপের অভিযোগ একেবারেই প্রযোজ্য নয়। আর সাংবাদিকদের বন্দী থাকার বিষয়ে তিনি বলেন, বন্দীদের মধ্যে অনেকেই আছেন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে।