
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইএমও) প্রতিবেদন বলছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রতিদিন আনুমানিক ১ লাখ ২০ হাজার মানুষ গ্রাম থেকে শহরে আসছে। আর সারা বিশ্বে প্রতি সপ্তাহে ৩০ লাখ মানুষ শহরে আসছে।
সংস্থাটির ‘ওয়ার্ল্ড মাইগ্রেশন রিপোর্ট ২০১৫’ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে। তাতে বলা হচ্ছে, বর্তমানে এক দেশ থেকে অন্য দেশে অভিবাসী মানুষ ২৩ কোটি ২০ লাখ। আর বিভিন্ন দেশে অভ্যন্তরীণ অভিবাসী মানুষের সংখ্যা ৭৪ কোটি। সম্প্রতি প্রতিবেদনটি প্রকাশ করেছে আইএমও।
আন্তর্জাতিক অভিবাসনের ইতিবাচক কিছু বিষয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বলা হয়েছে বাংলাদেশ, নাইজেরিয়া, রুয়ান্ডা, দক্ষিণ আফ্রিকা, উগান্ডা ও ভিয়েতনাম—এই ছয়টি দেশের অভিবাসীদের পাঠানো অর্থে নিজ দেশে তাদের পরিবারগুলোর জীবনযাত্রার মান বেড়েছে।
আইএমও এ বছরের প্রতিবেদনে শহরে অভিবাসনের চাপ, চ্যালেঞ্জ ও সম্ভাবনার ওপর জোর দিয়েছে। মানুষ এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে এটা যেমন সত্য, তেমনি এটাও সত্য যে মানুষ অন্য দেশে গিয়ে নগরেই আশ্রয় নিচ্ছে বেশি হারে। প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অভিবাসীদের মধ্যে ৫০ শতাংশই উচ্চ আয়ের ১০টি দেশে রয়েছে, যেখানে নগরায়ণ ঘটেছে উচ্চমাত্রায়। দেশগুলো হলো অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, স্পেন, যুক্তরাজ্য, রাশিয়া, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।
নগর বিশেষজ্ঞ ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, শুধু সারা বিশ্বে নয়, বাংলাদেশেও অভ্যন্তরীণভাবে অসংখ্য মানুষ শহরে আসছে। এটা হবেই, কারণ শহরে সুযোগ-সুবিধা বেশি। ভিয়েতনাম এখন গ্রামশূন্য হয়ে যাচ্ছে। যে ধারা চলছে, তাতে আগামী ৩০ বছরে বাংলাদেশেও গ্রাম ও শহর এলাকার মানুষ প্রায় সমান সমান হয়ে যাবে।
আইএমওর প্রতিবেদন বলছে, এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে ১৯৯০ থেকে ২০১৪ সালের মধ্যে গ্রামের প্রায় ১০০ কোটি মানুষ শহরের মানুষের সঙ্গে যুক্ত হয়েছে। এই অঞ্চলে ২০৫০ সালের মধ্যে শহুরে মানুষের জনসংখ্যা ৬৩ শতাংশে দাঁড়াবে। এই অঞ্চলেরই দেশ বাংলাদেশ।
প্রতিবেদনে আন্তর্জাতিক অভিবাসন লন্ডন শহরের জনমিতিতে কী পরিবর্তন এনেছে, তার একটি চিত্র তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, লন্ডনে বসবাসকারীদের ৩৭ শতাংশ এসেছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। এদের মধ্যে ১ লাখ ৯ হাজার ৯৪৮ জন বাংলাদেশের।
অভিবাসনের এমন প্রেক্ষাপটে আজ শুক্রবার পালিত হচ্ছে বিশ্ব অভিবাসী দিবস।