বিশ্বে সহযোগিতা চান, জাতিসংঘের কাছে যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন গণহত্যা: মানবাধিকারের চরম অবনতি’ শীর্ষক সেমিনারে বক্তারা। বৃহস্পতিবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমিনার হয়। ছবি: আহমেদ দীপ্ত
‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন গণহত্যা: মানবাধিকারের চরম অবনতি’ শীর্ষক সেমিনারে বক্তারা। বৃহস্পতিবার প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এ সেমিনার হয়। ছবি: আহমেদ দীপ্ত

মিয়ানমারের রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্বদরবারে সহযোগিতা চাওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বাইরে যেতে হবে, জাতিসংঘের কাছে যেতে হবে। আমরা রোহিঙ্গাদের আশ্রয় দেব, তবে লালন-পালনে সবার অংশ রাখতে হবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ভিআইপি মিলনায়তনে এক সেমিনারে এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এসব কথা বলেন। ‘মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যা: মানবাধিকারের চরম অবনতি এবং সমস্যা সমাধানে বিশ্ব সম্প্রদায় নীরব কেন?’ শীর্ষক সেমিনারের আয়োজন করে জাতীয় মানবাধিকার আন্দোলন।

সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিকল্প ধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের কাছে আমাদের সরাসরি যাওয়া উচিত। সাহায্য চাওয়া উচিত। সারা পৃথিবীর কাছে যাওয়া উচিত।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না সেমিনারে বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে এই ৪২০ সরকার হয়েছে। আপনার নিজের গ্রহণযোগ্যতা নেই। আন্তর্জাতিক জায়গায় দাম পাবেন কী করে। এ কারণেই আপনি বাইরে যাচ্ছেন না। এক চোখে লবণ আরেক চোখে আদা বিক্রি করবেন না। দুই চোখ যেন একই দিকে থাকে।

মাহমুদুর রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় যখন এক কোটি লোক ভারতে গিয়েছিল, সামাল দিয়েছে ভারত। সারা বিশ্বকে ভারত দেখিয়েছে, বলেছে এক কোটি শরণার্থীদের কথা, সাহায্য নিয়েছে। পরিকল্পনা করে ইন্দিরা গান্ধী বেরিয়ে সোভিয়েত ইউনিয়ন, আমেরিকাতে গিয়েছেন। সবাইকে সাহায্যের কথা বলেছেন। বাংলাদেশ স্বাধীন হয়েছে, কেউ তো তাঁর বদনাম করেনি। অথচ বাংলাদেশের প্রধানমন্ত্রী তা করছেন না। তিনি আরও বলেন, ‘আপনার (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ওপর আমরা সম্পূর্ণ কনফিডেনস রাখছি। আমরা দাবি রাখছি, রোহিঙ্গাদের ফেরত দিতে হবে। যত দিন এই দেশে থাকবে তত দিন আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সহযোগিতা চাইতে হবে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সুকমল বড়ুয়া বলেন, ‘মিয়ানমারে যা হচ্ছে, তা মানবতার চরম বিপর্যয়। সেখানে মানবতা লঙ্ঘিত, ক্ষতবিক্ষত ও রক্তে রঞ্জিত। সেখানে ভূরাজনৈতিক আগ্রাসনের কারণে মানবতা টিকতে পারছে না। আমি বৌদ্ধদের পক্ষ থেকে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী।’

জাতীয় মানবাধিকার আন্দোলনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মুহাম্মদ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনার নাগরিক ফোরামের চেয়ারম্যান আবদুল্লাহিল মাসুদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের সভাপতি এলবার্ট পি কস্তা, বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ বক্তব্য দেন।