বাংলাদেশে প্রথমবারের মতো গতকাল শনিবার বিশ্ব সোরিয়াসিস দিবস পালন করা হয়েছে। দিবসটিকে কেন্দ্র করে চট্টগ্রামে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা বলেছেন, সোরিয়াসিস একটি দীর্ঘস্থায়ী চর্মরোগ। এটি পুরোপুরি নির্মূল করা সম্ভব না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। রোগীদের এ বিষয়ে সচেতন করা জরুরি। সারা বিশ্বে সাড়ে ১২ কোটি মানুষ এই রোগে ভুগছে। বাংলাদেশে এই রোগীর সংখ্যা মোট জনসংখ্যার এক শতাংশের কম।
নগরের র্যাডিসন ব্লু হোটেলের মেজবান হলে গতকাল দুপুরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত দুই পর্বে বিভক্ত এ সেমিনারে সারা দেশের প্রায় দুই শ চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
সেমিনারের উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বোরহান উদ্দিন আহমেদ। বক্তব্য দেন সোসাইটির সাধারণ সম্পাদক এহসানুল কবির ও সিলেট মেডিকেল কলেজের অধ্যাপক মো. আবু ইউসুফ ভূঁইয়া।
বক্তারা বলেন, চর্মরোগটি প্রাণঘাতী এবং ছোঁয়াচে নয়। তবে এই রোগ জীবনকে অনেক বিড়ম্বনায় ফেলে। এটি পুরোপুরি নির্মূল করা না গেলেও নিয়ন্ত্রণ করা যায়। মানুষকে এই রোগ সম্পর্কে সচেতন করা দরকার।
এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘দেশে প্রথমবারের মতো এই সোরিয়াসিস দিবস পালন করতে যাচ্ছি। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এই সেমিনারের আয়োজন করেছি। চিকিৎসকেরা তাঁদের কর্মক্ষেত্রে এই সেমিনারের অভিজ্ঞতা কাজে লাগাবেন।’
সেমিনারের দ্বিতীয় পর্বে চর্মরোগের ওপর দুটি প্রবন্ধ উপস্থাপন করেন সোসাইটির সহসভাপতি অধ্যাপক আগা মাসুদ চৌধুরী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যাপক এম মুজিবুল হক। দুটি প্রবন্ধে এই রোগের কী ওষুধ ব্যবহার করা উচিত এবং এর প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা করা হয়।
সোসাইটির সহসভাপতি অধ্যাপক আগা মাসুদ চৌধুরী বলেন, সোরিয়াসিস রোগের প্রাথমিক লক্ষণ হচ্ছে চামড়ার বিশেষ কিছু জায়গায় খুশকির মতো হওয়া ও সেখানে চুলকানি শুরু হওয়া। রোগের প্রাথমিক অবস্থা থেকে চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে নিয়মিত চিকিৎসা নিলে জটিলতা পরিহার করা সম্ভব।
অধ্যাপক এম মুজিবুল হক বলেন, রোগটি কেন হয় তার কোনো ব্যাখ্যা নেই। তবে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্থূলতা এসবের কারণে রোগটি হতে পারে। ওষুধের মাধ্যমে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।
সেমিনারের দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন অধ্যাপক এম এ ওয়াদুদ। বিভিন্ন পর্বে আরও বক্তব্য দেন অধ্যাপক এ কে এম শরিফুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক রফিকুল মওলা, কক্সবাজার মেডিকেল কলেজের শিক্ষক আবুল কাশেম চৌধুরী।