>

বিশ্বজুড়ে ১৯৭৫ সালে স্থূলকায় মানুষের সংখ্যা ছিল ১০ কোটি ৫০ লাখ। ২০১৪ সালে সেই সংখ্যা হয়েছে ৬৪ কোটি ১০ লাখ
বিশ্বে এখন স্থূলকায় মানুষের সংখ্যা কম ওজনের মানুষের চেয়ে বেশি। প্রতি আটজনের একজন পূর্ণবয়স্ক মানুষ স্বাভাবিকের চেয়ে বেশি মোটা বা স্থূল। এই অনুপাত ২০২৫ সালের মধ্যে প্রতি পাঁচজনে একজন হওয়ার আশঙ্কা রয়েছে। বড় পরিসরের এক গবেষণার ভিত্তিতে যুক্তরাজ্যের একদল বিজ্ঞানী এ সতর্কবার্তা দিয়েছেন।
ইমপিরিয়াল কলেজ লন্ডনের বিজ্ঞানীরা ওই গবেষণার জন্য ১৯৭৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত ১৮৬টি দেশের প্রায় দুই কোটি মানুষের ওজন ও উচ্চতার ভারসাম্য সূচকের (বিএমআই) তথ্য-উপাত্ত সংগ্রহ করে সেগুলোর তুলনামূলক বিশ্লেষণ করেছেন। এ বিষয়ে একটি গবেষণা প্রতিবেদন গতকাল শুক্রবার চিকিৎসা ও জনস্বাস্থ্য সাময়িকী ল্যানসেট-এ প্রকাশিত হয়েছে।
ওই প্রতিবেদনে অবশ্য বলা হয়েছে, বাংলাদেশ, ভারত, তিমুর লেসতে, আফগানিস্তান, ইরিত্রিয়া ও ইথিওপিয়ায় মানুষের ওজন স্বাভাবিকের তুলনায় কম থাকার বিষয়টি এখনো বড় স্বাস্থ্য সমস্যা হিসেবে রয়ে গেছে। এসব দেশে ২০ শতাংশ পুরুষ এবং ২৫ শতাংশ নারীর ওজন স্বাভাবিকের চেয়ে কম। ১৯৭৫ সালে বাংলাদেশের ৩৭ শতাংশ নারীর ওজন কম ছিল।
তবে গত মাসে প্রকাশিত বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের চূড়ান্ত প্রতিবেদনে (বিডিএইচএস ২০১৪) বলা হয়েছে, দেশে নারীদের মধ্যে প্রয়োজনের চেয়ে বেশি ওজনের প্রবণতা ও স্থূলতা আশঙ্কাজনকভাবে বাড়ছে। বেশি ওজন হলে ডায়াবেটিসের মতো অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে। ২০১১ সালের জরিপে দেখা গিয়েছিল, ৩৫ বছর বা তার বেশি বয়সী ১১ শতাংশ নারী ডায়াবেটিসে আক্রান্ত। আর ২৫ শতাংশ নারী ডায়াবেটিসের পূর্বাবস্থায় আছেন।
ল্যানসেট-এর ওই প্রতিবেদনে বলা হয়, বিশ্বজুড়ে ১৯৭৫ সালে স্থূলকায় মানুষের সংখ্যা ছিল ১০ কোটি ৫০ লাখ। ২০১৪ সালে সেই সংখ্যা হয়েছে ৬৪ কোটি ১০ লাখ। একই সময়ের ব্যবধানে বিশ্বে কম ওজনের মানুষের সংখ্যা ৩৩ কোটি থেকে বেড়ে ৪৬ কোটি ২০ লাখ হয়েছে। এই অবস্থা চলতে থাকলে ২০২৫ সালের মধ্যে ১৮ শতাংশ পুরুষ এবং ২১ শতাংশ নারী স্থূলতায় আক্রান্ত হবে। সব মিলিয়ে স্থূলতা এখন বিশ্বের জন্য ক্ষুধার চেয়ে বড় সমস্যায় পরিণত হয়েছে। অতিমাত্রায় স্থূলতার এই মহামারি প্রতিরোধে সব দেশের সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন গবেষণা দলটির প্রধান অধ্যাপক মজিদ এজ্জাত। বিসিসিকে তিনি বলেন, গত চার দশকে বিশ্বে স্বাভাবিকের চেয়ে কম ওজনের মানুষের সংখ্যা কমলেও স্থূলতা বৃদ্ধির বিষয়টি সংকটময় অবস্থানে পৌঁছেছে। এখন প্রত্যেকের জন্য তাজা ফলমূল ও শাকসবজির মতো স্বাস্থ্যকর খাবার সহজলভ্য করতে হবে এবং প্রক্রিয়াজাত খাবারের মতো অস্বাস্থ্যকর পণ্যের দাম বাড়াতে হবে। নইলে পরিস্থিতির উন্নতি হবে না।
স্থূলতার কারণে ডায়াবেটিস, মস্তিষ্কে রক্তক্ষরণ বা স্ট্রোক, হৃদ্রোগ এবং কয়েক ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়ে। অধ্যাপক মজিদ এজ্জাত বলেন, অতি স্থূলতার কারণে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ ও শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব পড়ে। এসবের কিছু কিছু (যেমন কোলেস্টেরলের উচ্চ মাত্রা বা রক্তচাপ) ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। কিন্তু কিছু সমস্যার কার্যকর চিকিৎসা নেই।