বিশ্বে ১০০ কোটি মানুষ পানিসংকটে ভুগছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের জনসংখ্যার অর্ধেক বাস করছে শহরে আর গ্রিনহাউস গ্যাসের ৭০ শতাংশই নির্গত হচ্ছে এখান থেকে। অন্যদিকে পানির সংকট আছে এমন এলাকায় বাস করছে বিশ্বের ১০০ কোটি মানুষ। ২০৫০ সালের মধ্যে এই সংখ্যা ৩৫০ কোটিতে গিয়ে ঠেকবে।
এমন একটি পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সবুজ পথে উন্নয়নকে পন্থা হিসেবে বেছে নেওয়ার আহ্বান জানানোর মধ্য দিয়ে শেষ হলো সবুজ উন্নয়নবিষয়ক পঞ্চম বিশ্ব সম্মেলন। ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের আসিয়াটিক্স পিয়াডস মিলনায়তনে এই সম্মেলনে বিশ্বের ৩৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেন। দেশগুলোর প্রতিনিধিরা সবুজ পথে টেকসই উন্নয়নের ঘোষণা দেন।
গতকাল মঙ্গলবার ডেনমার্কের স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় সম্মেলনের তিন পৃষ্ঠার ঘোষণাপত্র পাঠ করেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়ান জেনসান। তিনি পরবর্তী বছর থেকে এই সম্মেলনে এশিয়া ও লাতিন আমেরিকার আরও দেশকে যুক্ত হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ এই ফোরামের সদস্য না হলেও শহরে সবুজ উন্নয়নবিষয়ক দুটি আলোচনা পর্বে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক অংশ নেন। তিনি সম্মেলনের আয়োজক দেশ ডেনমার্ক এবং উন্নত রাষ্ট্রগুলোকে ঢাকা শহরের পরিবেশের বিভিন্ন সমস্যার সমাধানের ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।
সম্মেলনের মূল ঘোষণাপত্রে বলা হয়, উন্নয়ন সহায়তা নয়, বাণিজ্যের পথেই টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রায় (এসডিজি) পৌঁছাতে হবে। তবে এ জন্য সাধারণভাবে বাণিজ্য যেভাবে চলে, সেই পথের বাইরে নতুন করে ভাবতে হবে। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানি উত্পাদনের দিকে যেতে হবে। পানি ও বনভূমি রক্ষায় সরকার, স্থানীয় জনগোষ্ঠী ও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে একযোগে কাজ করতে হবে।
জাতিসংঘের টেকসই উন্নয়নে ব্যবসাবিষয়ক প্রতিষ্ঠান দ্য গ্লোবাল কমিশন অব বিজনেস অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্টের কো-চেয়ারম্যান মার্ক মলচ ব্রাউন ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগের ওপর জোর দেন।
সমাপনী দিনে নবায়নযোগ্য জ্বালানি প্রস্তুতকারী সংস্থাগুলোর আন্তর্জাতিক সংগঠন ইরিনার পক্ষ থেকে জানানো হয়, বিশ্বে সৌর ও বায়ুবিদ্যুতের নতুন প্রযুক্তি উদ্ভাবিত হচ্ছে। তারা আশা করছে, ২০২৫ সালের মধ্যে বিশ্বে নবায়নযোগ্য জ্বালানির উত্পাদন খরচ বর্তমান সময়ের চেয়ে ৬৫ শতাংশ কমে যাবে। বিদ্যুতের অন্যান্য উৎসের চেয়ে এর খরচ কম হবে।
সম্মেলনের সমাপনী অধিবেশনে বন পর্যবেক্ষণ, খাদ্যের অপচয় কমানো, পানি খাতে সহযোগিতা ও শহরে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে চারটি দল ঘোষণা করা হয়।