
বিশ্বে ৩০ বছরের কম বয়সী পার্লামেন্ট সদস্য (এমপি) রয়েছেন মাত্র ১ দশমিক ৯ শতাংশ।
গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আইপিউর ১৩৬তম সম্মেলনে সংবাদ সম্মেলনে ফোরাম ফর ইয়ুথ পার্লামেন্টারিয়ানসের প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, বিশ্বের মোট ভোটারের ৫৭ শতাংশই ২০ থেকে ৪৪ বছর বয়সী। কিন্তু রাজনীতিবিমুখতার কারণে তাঁদের অধিকাংশ ভোটকেন্দ্রে যেতে আগ্রহী নন। ৮০ শতাংশ সংসদের উচ্চকক্ষে কোনো তরুণ এমপি নেই। এমনকি ৩৩ শতাংশ নিম্নকক্ষেও কোনো তরুণ এমপি নেই। যাঁরা আছেন তাঁরাও উত্তরাধিকারের রাজনীতির পথ ধরে এসেছেন।
সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি উত্থাপন করেন আইপিইউর জেন্ডার পার্টনারশিপ প্রোগ্রামের প্রতিনিধি জেইনা হিলাল। বিশ্বের ১২৮টি দেশের প্রায় ৪৫ হাজার এমপির তথ্য বিশ্লেষণ করে এই প্রতিবেদন তৈরি করা হয়। ‘ইয়ুথ পার্টিসিপেশন ইন ন্যাশনাল পার্লামেন্ট-২০১৬’ প্রতিবেদনে বলা হয়, তরুণ এমপিদের মধ্যে নারী ও পুরুষের অনুপাত ৬০: ৪০।
ইয়ুথ পার্লামেন্টারিয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট উগান্ডার এমপি মাওরিন ওসোরু রাজনীতিতে তরুণদের আগ্রহ না থাকার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলেন, যুবকেরা মনে করেন রাজনীতি নোংরা। রাজনীতিবিদেরা মিথ্যা কথা বলেন। আকাশকুসুম প্রতিশ্রুতি দেন, যা বাস্তবায়নের অযোগ্য। যে কারণে তাঁরা রাজনীতিবিমুখ হয়ে পড়েছেন। অথচ রাজনীতিতে তরুণসমাজের প্রয়োজন সবচেয়ে বেশি। কারণ, তারা সচেতন, উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন এবং তথ্যপ্রযুক্তিতে এগিয়ে রয়েছে। তিনি বলেন, রাজনীতি খুবই আকর্ষণীয়, তবে যুবসমাজ এতে আকর্ষণ বোধ করছে না।

রাজনীতিতে তরুণদের কম অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে মাওরিন বলেন, তরুণদের রাজনীতিতে সম্পৃক্ত হতে নানা ধরনের বাধার সম্মুখীন হতে হয়। বিশেষ করে অর্থের প্রতিযোগিতা, ভোটারদের সাড়া পাওয়া, রাজনৈতিক দলের মনোনয়ন নিশ্চিত করাসহ নানা ধরনের চ্যালেঞ্জ রয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩০ থেকে ৪০ বছর বয়সী এমপি ১৪ দশমিক ২ শতাংশ এবং ৪০ থেকে ৪৫ বছর বয়সী এমপি ২৬ শতাংশ। বিশ্বে তরুণ এমপিদের প্রতিনিধিত্ব বেশি সুইডেনে। সেখানে ১২ দশমিক ৩ শতাংশ এমপির বয়স ৩০ বছরের মধ্যে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর, ১০ দশমিক ৯ শতাংশ। তৃতীয় স্থানে ফিনল্যান্ড, ১০ দশমিক ৫ শতাংশ এবং নরওয়ে ১০ দশমিক ৮ শতাংশ। আমেরিকা-ইউরোপ-আফ্রিকান দেশগুলোতে ৩০ বছরের কম বয়সী এমপি বেশি আছেন। আর এশিয়া ও অস্ট্রেলিয়ায় তরুণ প্রতিনিধিত্ব কম।
দুর্ভিক্ষপীড়িতদের বাঁচানোর আহ্বান
আফ্রিকা ও ইয়েমেনের বিভিন্ন এলাকায় দুর্ভিক্ষ এবং খরাপীড়িত লাখ লাখ মানুষকে বাঁচাতে জরুরি আন্তর্জাতিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে দ্য গ্লোবাল পার্লামেন্টারি কমিউনিটি। গতকাল ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৩৬তম সম্মেলনে জরুরি হিসেবে প্রস্তাবটি গ্রহণ করা হয়। আইপিইউর সদস্যরা সংকট মোকাবিলায় মানবিক সহায়তা দিতে নিজ নিজ দেশের সরকারকে চাপ দিতে একমত হন।
অনেক দেশে ক্ষুধা, তৃষ্ণা, রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ইথিওপিয়া ও কেনিয়া বিশ্বের শীর্ষ ১০ শরণার্থী দেশের মধ্যে রয়েছে। এসব দেশের শরণার্থীরা এই সংকটে বেশি রয়েছে।