আবহমান বাংলার ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে বিশ্বের দীর্ঘতম পথচিত্র অঙ্কন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরের ২ দশমিক ০৩ কিলোমিটার সড়কজুড়ে দীর্ঘ এ পথচিত্র আঁকা হচ্ছে। সারা বিশ্বে এ পর্যন্ত অঙ্কিত পথচিত্রগুলোকে ছাড়িয়ে এটি সবচেয়ে দীর্ঘ আলপনা হবে বলে আশাবাদ উদ্যোক্তাদের।গতকাল শনিবার দুপুর থেকে ‘বাংলার ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ’ শীর্ষক এ পথচিত্র অঙ্কন শুরু হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহযোগিতায় এবং শিল্প, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সংগঠন ‘বাংলা দর্পণে’র উদ্যোগে এ পথচিত্র অঙ্কন করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে পথচিত্র অঙ্কনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লা। বাংলা দর্পণের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ পথচিত্রের নকশা ও অন্যান্য নির্দেশনা দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মী ও সাধারণ শিক্ষার্থীরা এ পথচিত্র অঙ্কনের কাজ করছেন।সংগঠনের সভাপতি অলি মাহমুদ বলেন, পথচিত্রে সাতচল্লিশের দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের বিভিন্ন পর্যায়সহ পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা, জেলহত্যা, স্বৈরাচারবিরোধী আন্দোলন, শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন এবং শাহবাগে প্রজন্ম চত্বরে তরুণ প্রজন্মের চলমান আন্দোলনও ফুটে উঠবে দীর্ঘ এ পথচিত্রে।চলতি বছরের মার্চ মাসে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আঁকা পথচিত্রের দৈর্ঘ্য ছিল ১ দশমিক ৭৫ কিলোমিটার, যা এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দীর্ঘতম পথচিত্র বলে বিবেচিত।