বিশ্বের নীরবতায় বিস্মিত নোবেল বিজয়ী তিন নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোহিঙ্গা আশ্রয়শিবির সরে​জমিন পরিদর্শন শেষে গতকাল বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী তিন নারী (বাঁ থেকে) ইয়েমেনের তাওয়াক্কল কারমান, ইরানের শিরিন এবাদি এবং উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার।  ছবি: প্রথম আলো। খবর পৃষ্ঠা ৩
রোহিঙ্গা আশ্রয়শিবির সরে​জমিন পরিদর্শন শেষে গতকাল বিকেলে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সংবাদ সম্মেলনে শান্তিতে নোবেলজয়ী তিন নারী (বাঁ থেকে) ইয়েমেনের তাওয়াক্কল কারমান, ইরানের শিরিন এবাদি এবং উত্তর আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার। ছবি: প্রথম আলো। খবর পৃষ্ঠা ৩
>
  • মিয়ানমারে যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন তিন নারী।
  • উদ্দেশ্য সু চির সঙ্গে সরাসরি কথা বলে কৈফিয়ত চাওয়া।
  • রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রশংসা।
  • গত ২৪ ফেব্রুয়ারি তিন নারী বাংলাদেশে এসেছেন।

শান্তিতে নোবেলজয়ী তিন নারী বলেছেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালানোর জন্য দায়ী মিয়ানমার কর্তৃপক্ষকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। এই বিষয়টিতে বিশ্ব কীভাবে নীরব রয়েছে, তা ভেবে তাঁরা বিস্মিত।
গতকাল বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সাক্ষাতের সময় আয়ারল্যান্ডের ম্যারেইড ম্যাগুয়ার, ইরানের শিরিন এবাদি ও ইয়েমেনের তাওয়াক্কল কারমান এ মন্তব্য করেন। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় তাঁরা বাংলাদেশের প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম তিন নারীকে উদ্ধৃত করে সাংবাদিকদের এসব তথ্য জানান। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবির ঘুরে এসেছেন তাঁরা। গত ২৪ ফেব্রুয়ারি তাঁরা বাংলাদেশে এসেছেন।
ইহসানুল করিম সাংবাদিকদের জানান, ১৯৭৭ সাল থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার বিষয়ে তাঁদের অবহিত করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন ১০ লাখ ৭৮ হাজার রোহিঙ্গা শরণার্থীর আশ্রয়স্থল। বাংলাদেশ চায় প্রতিবেশী মিয়ানমারের সঙ্গে সম্পর্ক ভালো রেখে স্থায়ীভাবে এ সমস্যার সমাধান করতে। এ ব্যাপারে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলোচনা
তিন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সাংবাদিকদের জানান, বাংলাদেশ থেকে ফিরেই তাঁরা মিয়ানমারে যাওয়ার জন্য ভিসার আবেদন করবেন। উদ্দেশ্য, মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির সঙ্গে সরাসরি কথা বলে কৈফিয়ত চাওয়া আর রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া। যদিও চিঠির পর চিঠি লিখেও সু চির কোনো জবাব তাঁরা পাননি। তবু তাঁরা হাল ছাড়বেন না। চেষ্টা চালিয়ে যাবেন।
ম্যারেইড ম্যাগুয়ার ও শিরিন এবাদি বলেন, সু চি যখন নিজের দেশে গৃহবন্দী ছিলেন, তখন তাঁরা যুক্তরাষ্ট্রে মিয়ানমার দূতাবাসের সামনে দাঁড়িয়ে তিনবার প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তাঁরা মিয়ানমারে গিয়েও সু চির মুক্তির দাবি জানাতে চেয়েছিলেন। কিন্তু সেনাশাসিত সরকার তাঁদের ভিসা দেয়নি।
ম্যারেইড ম্যাগুয়ার সু চির উদ্দেশে বলেন, ‘প্রিয় বোন, তোমার মানবাধিকার রক্ষা ও তোমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একসময় আমরা সোচ্চার হয়েছিলাম। আমি বলতে চাই, মানবাধিকার আর গণতন্ত্র শুধু তোমার একার জন্য নয়। নিপীড়নের শিকার রোহিঙ্গাদের জন্যও মানবাধিকার ও গণতন্ত্র একইভাবে প্রযোজ্য। প্রযোজ্য বিশ্বের সমগ্র মানব পরিবারের জন্য।’ নোবেলজয়ী এই তিন নারীই মনে করেন, গণহত্যার সংজ্ঞায় যা যা বলা আছে তার সবকিছুই ঘটেছে রোহিঙ্গাদের সঙ্গে। ইয়েমেনের তাওয়াক্কল কারমান জানান, শরণার্থী শিবিরে তাঁরা যে ১০০ নারীর সঙ্গে কথা বলেছেন, সেই ১০০ জনই ধর্ষণের শিকার হয়েছেন। গুলি করে, ধারালো অস্ত্র দিয়ে, গলা টিপে হত্যা করা হয়েছে। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুরো জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা হয়েছে। এগুলো গণহত্যা ছাড়া কিছু নয়।
আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের জন্য আন্তর্জাতিক সনদে মিয়ানমার সই করেনি, তাহলে কীভাবে দেশটির সেনাবাহিনীসহ যারা গণহত্যা ও নির্যাতন পরিচালনা করেছে তাদের বিচার সম্ভব? এ প্রশ্নের জবাবে ইরানের শিরিন এবাদি বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ চাইলে বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতে তুলতে পারে। সুদানের ক্ষেত্রে তেমনটি হয়েছিল। ভারত, চীন ও রাশিয়ার ভূমিকা প্রসঙ্গে ম্যারেইড ম্যাগুয়ার বলেন, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নেওয়া তাঁদের নৈতিক দায়িত্ব। তাঁরা আশা করেন, দেশগুলো চুপ থাকতে পারে না।
জীবনসংগ্রামের গল্প
নোবেল শান্তিজয়ী তিন নারী মনে করেন, শান্তিপূর্ণ উপায়ে সংগ্রাম দীর্ঘস্থায়ী হলেও ফল আসবেই।
তবে প্রত্যেক মানবাধিকারকর্মীকে মনে রাখতে
হবে, সারা জীবনে অন্যকে সহযোগিতাই তাঁদের আন্দোলনের ব্রত।
গতকাল বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেসরকারি সংগঠন নারীপক্ষ আয়োজিত এক অনুষ্ঠানে নোবেলজয়ী তিন নারী এ অভিমত দেন। ‘জীবন ও সংগ্রামের পথে’ শীর্ষক এ অনুষ্ঠানের শুরুতে পাকিস্তানের সদ্যপ্রয়াত মানবাধিকারকর্মী আসমা জাহাঙ্গীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাঁরা নিজেদের দেশে মানবাধিকার রক্ষায় সংগ্রামের অভিজ্ঞতার কথা জানান।
এই তিন নারীই আশা ব্যক্ত করে বলেন, বিশ্বে একদিন শান্তি ফিরে আসবে। গণতন্ত্র আসবে। তবে সে জন্য মানবাধিকার-কর্মীদের মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে। আয়ারল্যান্ডের জাতিগত সমস্যার কথা তুলে
ধরে ম্যারেইড ম্যাগুয়ার জানান, সংখ্যাগরিষ্ঠরা কোথাও সংখ্যালঘুদের কথা শুনতে চায় না। পরিবারে ঘটে যাওয়া একাধিক যন্ত্রণা যে তাঁকে কাজ থেকে দূরে সরিয়ে রাখতে পারেনি সেটা উল্লেখ করেন তিনি।
নোবেলজয়ী আরেক নারী শিরিন এবাদি নিজের জীবনসংগ্রামের কথা বলতে গিয়ে জানান, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের মধ্য দিয়ে ইরানে গণতন্ত্রের নামে চরম নৈরাজ্য প্রতিষ্ঠিত হয়। ইসলামের নামে যে পরিবর্তনগুলো এল, সেগুলো নিয়ে তিনি কাজ করতে শুরু করেন। ইয়েমেনের তাওয়াক্কল কারমান সাংবাদিক ছিলেন। তিনি সেখানকার নারীদের নিয়ে কীভাবে সভা করতেন, কীভাবে তাঁদের সঙ্গে অধিকারের বিষয়ে আলাপ করতেন তা তুলে ধরেন।
আলোচনা সভায় নোবেল উইমেনস ইনিশিয়েটিভের নির্বাহী পরিচালক লিজ ব্রেনস্টেইন ও নারীপক্ষের নির্বাহী সদস্য শিরিন হক বক্তৃতা দেন।
অনুষ্ঠানের শেষভাগে দর্শকসারি থেকে হিজাব ও নেকাব করার বিষয়ে এক প্রশ্নের জবাবে তাওয়াক্কল কারমান বলেন, ‘আমি এটা পরি, এটা আমার পছন্দ। এটা প্রত্যেক নারীর নিজস্ব পছন্দের বিষয়।’
শিরিন এবাদি বলেন, ‘অনেকে নিরাপত্তার বিষয়টি এর সঙ্গে যুক্ত করেন। কিন্তু আমি মনে করি, এর সঙ্গে নিরাপত্তার সম্পর্ক নেই।’